কলকাতা: ক্ষমতার পালাবদলের পর দীর্ঘদিন ‘বেপাত্তা’ লটারি কান্ডে তন্নতন্ন করে খুঁজেও ধরা যাচ্ছিল না পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে (Nirmal Ghosh)। নতুন সরকার অভয়া ফাইল খুলেছে। আর তাতেই গত ৯ আগস্ট মুখ্যমন্ত্রীর মুখে উঠে এসেছে সেই নির্মল ঘোষের নাম! তারপরেই কেল্লাফতে! বৃহস্পতিবার ওড়িশা থেকে পাকড়াও করা হয়েছে ‘পলাতক’ নির্মল ঘোষকে। শুক্রবার তাঁকে আদালতে তোলার আগে যা হওয়ার তাই! নির্মল ঘোষকে দেখা মাত্র ক্ষুব্ধ জনতার দিক থেকে উড়ে আসে ডিম, জুতোর মালা! বাজছে ডিজে! কিন্তু ট্রানজিট রিমান্ডে গতকাল নির্মলকে (Nirmal Ghosh) খড়দহ থানায় নিয়ে আসার পর জানেন কি লক আপে কি খেতে চেয়েছিলেন তিনি?
পুলিশ সূত্রে খবর, লকআপে বসে ক্যান্টিনের এক কর্মীকে দেখে আদা দেওয়া দুধ চা চেয়েছিলেন নির্মল। সেই আবদার নাকি মেনেও নেওয়া হয়। সকালে পুত্রবধূ দীপান্বিতা ঘোষ তাঁকে দেখতে থানায় গেলে ফের খাবারের কথা বলেন তিনি। এরপর তাঁর জন্য আসে ডিম টোস্ট, বাটার টোস্ট এবং ঘুগনি। তারপরই আদালতের পথে রওনা দেন প্রাক্তন বিধায়ক। নির্মল ঘোষ (Nirmal Ghosh) গ্রেফতার হতেই খড়দহ থানার সামনে জড়ো হতে শুরু করেন বহু মানুষ। স্থানীয়দের একাংশের দাবি, এতদিনে অভয়া-কাণ্ডে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ শুরু হয়েছে। সেই আবহেই ডিজে বাজিয়ে নাচ-গান, উচ্ছ্বাস! সব মিলিয়ে থানার সামনে তৈরি হয় কার্যত উৎসবের পরিবেশ।
তবে পরিস্থিতি যে আচমকাই উত্তপ্ত হয়ে উঠতে পারে, তা আঁচ করেছিল পুলিশ। তাই নির্মলকে (Nirmal Ghosh) থানা থেকে বের করার সময় ছিল কড়া নিরাপত্তা। এমনকি মাথায় হেলমেট পরিয়েই তাঁকে বের করা হয়। কিন্তু তাতেও রক্ষা হয়নি। থানার বাইরে জনতার একাংশ নির্মলকে লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করে। অভিযোগ, তাঁর দিকে জুতোর মালাও ছোড়া হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। নির্মলকে ঘিরে চলে চড়-লাথির অভিযোগও। নিরাপত্তার বলয় তৈরি করে কোনওরকমে তাঁকে আদালতের উদ্দেশে নিয়ে যায় পুলিশ।


