30 C
Kolkata
Sunday, September 20, 2026
spot_img

মোদীর জন্মদিনে হাজির না থাকায় ৫০০ টাকা জরিমানা! বিতর্ক শুরু হতেই কী বলল IIM জম্মু?

Aaj India Desk, শ্রীনগর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালনকে (Narendra Modi Birthday Celebration) কেন্দ্র করে বিতর্কে জড়াল আইআইএম জম্মু (IIM Jammu)। অভিযোগ, ১৭ সেপ্টেম্বর মোদীর জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রদীপ জ্বালানোর অনুষ্ঠানে পড়ুয়াদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছিল। অনুষ্ঠানে কেউ না গেলে তাঁকে অনুপস্থিতির কারণ জানিয়ে লিখিত জবাব দিতে বলা হয়। এমনকি নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না দিলে ৫০০ টাকা জরিমানা করা হবে বলেও নোটিসে উল্লেখ ছিল।

গত ১৭ সেপ্টেম্বর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন। দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও মোদীর জন্মদিন উপলক্ষে একাধিক কর্মসূচি হয়। IIM জম্মুতেও প্রদীপ জ্বালিয়ে দিনটি পালন করা হয়।

অভিযোগ, ১৬ সেপ্টেম্বরের ওই অনুষ্ঠানে কয়েকজন পড়ুয়া উপস্থিত ছিলেন না। এরপরই IIM জম্মুর ছাত্র পরিষদের তরফে তাঁদের শৃঙ্খলাভঙ্গের নোটিস দেওয়া হয়। নোটিসে বলা হয়, ওই অনুষ্ঠানে পড়ুয়াদের উপস্থিত থাকা বাধ্যতামূলক ছিল। যারা অনুষ্ঠানে ছিলেন না, তাঁদের কেন অনুপস্থিত ছিলেন, তা লিখিতভাবে জানাতে হবে।

নোটিসে অসুস্থতার বিষয়টিও উল্লেখ করা হয়। বলা হয়, শারীরিক অসুস্থতার কারণে কেউ অনুষ্ঠানে যোগ দিতে না পারলে তাঁকে ছাড় দেওয়া হবে। তবে সেক্ষেত্রে ক্যাম্পাসের ‘সঞ্জীবনী’ ডিসপেন্সারি থেকে লিখিত প্রমাণ দিতে হবে যে সংশ্লিষ্ট পড়ুয়াকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। ১৮ সেপ্টেম্বরের মধ্যে জবাব না দিলে ৫০০ টাকা জরিমানা করার কথাও জানানো হয়।

নোটিসটি প্রকাশ্যে আসার পরই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। IIM জম্মু কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। কংগ্রেসের তরফে বলা হয়, কোনও শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের অনুষ্ঠানে পড়ুয়াদের উপস্থিতি কেন বাধ্যতামূলক করা হবে? উপত্যকায় কংগ্রেসের সাধারণ সম্পাদক সৈয়দ নসীর হুসেনের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে রাজনৈতিক প্রচার থেকে দূরে রাখা উচিত।

যদিও এই বিতর্কের মধ্যে IIM জম্মুর এক মুখপাত্র জানান, কোনও পড়ুয়ার কাছ থেকেই এখনও জরিমানা নেওয়া হয়নি। তাঁর দাবি, বিষয়টি নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে। পাঠ্যক্রমের বাইরের বিভিন্ন অনুষ্ঠানে পড়ুয়াদের অংশগ্রহণ তাঁদের সামগ্রিক বিকাশে সাহায্য করে বলেও জানান তিনি। প্রদীপ জ্বালানোর ওই অনুষ্ঠানে উপস্থিতি বাধ্যতামূলক করার বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের মধ্যে শীঘ্রই বৈঠক হবে বলেও জানিয়েছেন IIM জম্মুর মুখপাত্র।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন