28 C
Kolkata
Sunday, August 30, 2026
spot_img

ভক্তদের ঘুম উড়ল! লাদাখ থেকে দেব–শুভশ্রীর রহস্যময় পোস্টে বাড়ল কৌতূহল! কী হতে চলেছে আগামীকাল?

কলকাতা: রাত পোহালেই কী ঘটতে চলেছে? লাদাখের পাহাড়ি হাওয়ায় এমন এক ইঙ্গিত ছুড়ে দিলেন দেব-শুভশ্রী, যা শুনে ‘দেশু ৭’ (Desu 7) ভক্তদের অপেক্ষার পারদ এখন চড়চড় করে বাড়ছে। চব্বিশ ঘণ্টাও বাকি নেই। তার পরেই নাকি আসতে চলেছে বড়সড় চমক!

রবিবার সকালে ‘দেশু ৭’ (Desu 7)-এর শুটিংয়ের ফাঁকে নিজেদের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন দেব এবং শুভশ্রী। দুজনের পোস্টেই একই রহস্যময় বার্তা—‘Big Day Tomorrow’। অর্থাৎ, আগামীকালই বড় কিছু ঘটতে চলেছে। কী সেই ‘বিগ ডে’? উত্তর এখনও অধরা। আর সেখানেই তো মজাটা!

এর আগে শনিবারও ‘দেশু ৭’-এর একটি দৃশ্যের ঝলক শেয়ার করে দেব জানিয়ে দিয়েছিলেন, ৩১ আগস্ট সকাল ১১টায় লাইভে এসে ভক্তদের চমকে দেবেন ‘দেশু’। ব্যস! তারপর থেকেই অনুরাগীদের মাথায় একটাই প্রশ্ন—এবার আবার কীসের ঘোষণা?

ছবির নাম থেকে শুটিং, আর শুটিং থেকে র‍্যাপ-আপ, ‘দেশু ৭’ (Desu 7)-এর যাত্রাপথ যেন চমকের বাক্স। প্রথমবার পরিচালকের আসনে দেব, তাঁর পরিচালনায় জুটি বাঁধছেন শুভশ্রী। ফলে এক যুগ পর পুরনো জুটির প্রত্যাবর্তন তো বটেই, তার সঙ্গে যুক্ত হয়েছে নতুন পরিচালক দেবের কৌতূহলও।

আর এই ছবির নেপথ্য গল্পও কম সিনেম্যাটিক নয়। ‘দেশু ৭’-এর র‍্যাপ-আপ পার্টিতে দেব নিজেই জানিয়েছিলেন, রাত দুটোয় শুভশ্রীকে ফোন করে নিজের মনের কথা জানিয়েছিলেন। সেই কথোপকথন থেকেই যেন শুরু হয়েছিল নতুন অধ্যায়ের পথচলা।

তারপর থেকেই ‘দেশু ৭’ (Desu 7) নিয়ে একের পর এক চমক। ১৯ জানুয়ারির সেই সোমবারের কথাই ধরা যাক। ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ ইভেন্ট ঘিরে এমন পরিকল্পনা সামনে এনেছিলেন দেব-শুভশ্রী, যা বাংলা ছবির প্রচারে কার্যত নতুন কৌতূহল তৈরি করেছিল। ছবির নাম ও গল্প নিয়ে ধোঁয়াশা বজায় রেখেই রিলিজের প্রায় ১০ মাস আগে অগ্রিম বুকিংয়ের ঘোষণা করা হয়েছিল।

দেব-শুভশ্রীর কথায়, দর্শকদের জন্য তৈরি করা হয়েছিল ‘গোল্ড টিকিট’-এর ব্যবস্থাও। অর্থাৎ, সিনেমা মুক্তির বহু আগে থেকেই ‘দেশু ৭’-কে ঘিরে তৈরি করা হয়েছিল একের পর এক ইভেন্ট।

এবার আবার সেই সোমবার। আগস্টের শেষ দিন, সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন! আর ঠিক সেই দিনেই সকাল ১১টায় লাইভে আসবেন দেব। রবিবার সকালে আগাম ‘বিগ ডে’ বলে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছেন দুজনেই।

তাহলে কী হতে পারে চমক? নতুন পোস্টার? ট্রেলার? গান? গল্পের নতুন ঝলক? নাকি আরও বড় কোনও ঘোষণা? উত্তর আপাতত রহস্যের আড়ালে।

একদিকে বিতর্ক, মান-অভিমান পেরিয়ে দীর্ঘ বিরতির পর দেব-শুভশ্রীর প্রত্যাবর্তনের নস্ট্যালজিয়া। অন্যদিকে প্রথমবার পরিচালকের আসনে দেব। তার উপর পুজোর বক্স অফিসে বড় লড়াইয়ের আবহ। সব মিলিয়ে ‘দেশু ৭’ ইতিমধ্যেই শুধু একটি ছবি নয়, ভক্তদের কাছে যেন একটা চলমান ইভেন্ট। আর এবার সেই ইভেন্টের পরবর্তী অধ্যায়ের কাউন্টডাউন শুরু। ৩১ আগস্ট সকাল ১১টা, ঘড়ির কাঁটা শুধু সময় দেখাবে না, খুলে দিতে পারে ‘দেশু ৭’ (Desu 7)-এর আরও একটি চমকের দরজাও!

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন