Aaj India Desk, কলকাতা : শুক্রবার রেজিনগরে দাঁড়িয়ে ‘উস্কানিমূলক’ মন্তব্য করে ফের বিতর্কের মুখে পড়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির চিফ ও বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। তবে এবার আর আইনের হাত থেকে পার পেলেন না তিনি। তাঁর সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করেই শনিবার সন্ধ্যায় বিজেপি যুব মোর্চা এবং সামাজিক সংগঠন রাম সীতা সেবা মন্দিরের যৌথ উদ্যোগে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্তও শুরু হয়েছে।
শুক্রবার রেজিনগরের কাশীপুরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবীর (Humayun Kabir) বলেন, “স্যাটাভাঙা মার শুরু করব, পালানোর পথ পাবেন না।” পাশাপাশি তিনি আরও বলেন, “আমার মাথা যেদিন গরম হয়ে যাবে, সেদিন আমি এসপি, চিফ মিনিস্টার—এসব কিছু বুঝব না।” ওই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়। অতীতেও একাধিকবার তাঁর বিভিন্ন মন্তব্য বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছিল। মমতার সরকারের আমল থেকেই “হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব”, “শুভেন্দুকে ঠুসে দেবো”-র মতো একাধিক ধর্মীয় উস্কানিমূলক এবং অপমানজনক মন্তব্য করেছেন তিনি। তবে এর আগে কোনোবারেই তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।
বিজেপি ক্ষমতায় আসার পর সেই পরিস্থিতি পরিবর্তন হবে বলেই ধারণা ছিল সকলের। তবে গতকাল থেকে বিজেপি সরকারের তরফেও এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তৃণমূলের ‘অসাধু’ নেতা-মন্ত্রী-কর্মীদের ক্রমাগত জেলে পাঠানো হলেও একজন জনপ্রতিনিধি হিসেবে মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে বেলাগাম মন্তব্য করা সত্ত্বেও অক্ষত ছিলেন হুমায়ুন কবীর (Humayun Kabir)।
এই আবহেই শেষপর্যন্ত শনিবার বহরমপুর থানায় বিজেপি যুব মোর্চা ও রাম সীতা সেবা মন্দিরের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগকারীদের দাবি, একজন জনপ্রতিনিধির এ ধরনের মন্তব্য আইনশৃঙ্খলার পক্ষে উদ্বেগজনক এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া উচিত। বহরমপুর থানায় অভিযোগ দায়ের হওয়ার পর এখন পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাজনৈতিক মহলের। এর আগে বারবার পার পেয়ে যাওয়া হুমায়ুনের বিরুদ্ধে তদন্ত শুরু হবে কি না এবং প্রশাসন কোনো কড়া ব্যবস্থা নেবে কিনা সেটাই এখন দেখার।


