28 C
Kolkata
Monday, September 7, 2026
spot_img

মেয়াদহীন মাংস থেকে বাসি মিষ্টি, কলকাতার দুই বাজারে পুরসভার অভিযান

Aaj lndia Desk, কলকাতা: খাবারের গুণমান নিয়ে কোনওরকম আপস নয়। কলকাতার বাজারগুলিতে খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে ফের সক্রিয় হল কলকাতা পুরসভা। সোমবার শহরের দুই গুরুত্বপূর্ণ বাজার বউবাজারের পনিরপট্টি এবং গড়িয়াহাট বাজারে একসঙ্গে অভিযান চালায় পুরসভার এনফোর্সমেন্ট ও খাদ্য সুরক্ষা দফতর। অভিযানে কোথাও মিলেছে পুরনো মিষ্টি ও খোয়া ক্ষীর, আবার কোথাও ধরা পড়েছে নিয়ম না মেনে সংরক্ষণ করা হিমায়িত মাংস।

পনিরপট্টিতে মিষ্টি ও খোয়া ক্ষীর নিয়ে অনিয়ম

সোমবার দুপুরে বউবাজারের পনিরপট্টিতে পৌঁছন পুরসভার খাদ্য সুরক্ষা আধিকারিকেরা। পনিরের গুণমান যাচাই করতে রাসায়নিক আয়োডিন দ্রবণ ব্যবহার করে বিভিন্ন নমুনা পরীক্ষা করা হয়। অধিকাংশ দোকানে পনিরের মান সন্তোষজনক পাওয়া গেলেও কয়েকটি দোকানে গুরুতর অনিয়ম নজরে আসে।

দোকানে মজুত থাকা পুরনো খোয়া ক্ষীর এবং ছানার কেক নিয়ে আপত্তি তোলেন আধিকারিকেরা। বিক্রির জন্য রাখা ওই সামগ্রী বাজেয়াপ্ত করে ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়। দোকান মালিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি খাদ্য ব্যবসার প্রয়োজনীয় বৈধ লাইসেন্স না থাকায় একটি দোকানকে নোটিসও দেওয়া হয়েছে।

গড়িয়াহাটে মিলল মেয়াদহীন হিমায়িত মাংস

অন্যদিকে, সোমবার সকালেই গড়িয়াহাট বাজারের মাছ ও মাংসের অংশে অভিযান চালায় পুরসভার আরেকটি দল। মাছের দোকান থেকে বিভিন্ন প্রজাতির মাছের নমুনা সংগ্রহ করা হয়। বিক্রেতাদের স্বাক্ষর নেওয়ার পর নমুনাগুলি সিল করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

মাংসের দোকানে তল্লাশি চালানোর সময় সামনে আসে আরও গুরুতর অনিয়ম। কয়েকটি দোকানে প্যাকেটবন্দি মুরগি ও খাসির মাংস পাওয়া যায়, যেগুলির গায়ে উৎপাদন বা প্যাকেজিংয়ের তারিখ এবং মেয়াদ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ছিল না। দীর্ঘদিন ধরে হিমায়িত অবস্থায় থাকা প্রায় ১০ থেকে ১৫ কেজি মাংস পুরসভা বাজেয়াপ্ত করে।

সেগুলি যাতে ফের বাজারে বিক্রি করা না যায়, তার জন্য ফিনাইল মেশানো জল ঢেলে মাংসগুলি নষ্ট করে দেওয়া হয়। পরে পুরসভার গাড়িতে তুলে সেগুলি ভ্যাটে ফেলে দেওয়া হয়। পুরসভা সূত্রে খবর, শহরের বিভিন্ন বাজারে খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন