Aaj India Desk, কলকাতা : কলকাতার নিউ টাউনের ইকো পার্কে হেলমেট ছাড়া বিলাসবহুল বাইক চালাতে দেখা গেল বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। আজ সকালে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সাধারণ মানুষের জন্য ট্রাফিক আইন কঠোরভাবে কার্যকর হলেও জনপ্রতিনিধিদের ক্ষেত্রে সেই নিয়ম মানা হচ্ছে কি না, তা নিয়েই প্রশ্ন তুলছেন অনেকেই।
ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক
প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যায়, প্রাতঃভ্রমণের সময় একটি দামি সুপারবাইক চালাচ্ছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর পিছনে আরও একজনকে বসে থাকতে দেখা যায়। তবে কারও মাথাতেই হেলমেট ছিল না বলে ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে। জানা গিয়েছে, বাইকটির বাজারমূল্য প্রায় ৫৩ লক্ষ টাকা।
ফের বিতর্কের মুখে দিলীপ
ভিডিওটি সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর থেকেই নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, ট্রাফিক আইন কি শুধুমাত্র সাধারণ নাগরিকদের জন্যই প্রযোজ্য? বিশেষ করে হেলমেট বাধ্যতামূলক করার বিষয়ে প্রশাসনের নিয়মিত প্রচারের মধ্যেই এমন ছবি নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।
ভারতীয় মোটর ভেহিকল আইন অনুসারে, দ্বিচক্রযানের চালক ও পেছনে বসা আরোহী উভয়ের জন্যই হেলমেট পরা বাধ্যতামূলক। আইন ভঙ্গ করলে জরিমানা থেকে শুরু করে অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়ারও বিধান রয়েছে। সেই প্রেক্ষিতে একজন দায়িত্বশীল মন্ত্রীর এমন প্রকাশ্য আইন অমান্যের ঘটনা রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, প্রথম থেকেই দিলীপ ঘোষের (Dilip Ghosh) ‘ডোন্ট কেয়ার’ মানসিকতা স্পষ্ট। রাজনীতি হোক বা ব্যক্তিগত জীবন, তিনি কারুর তোয়াক্কা না করেই এগিয়ে চলেন। কিন্তু সেই দাবাং ব্যক্তিত্ত্বের আজকের কাজটি রীতিমত দায়িত্বজ্ঞানহীন আচরণ বলেই বর্ণনা করেছেন রাজনৈতিক মহলের একাংশ। একজন রাজ্যের মন্ত্রী হিসেবে যেখানে আইন মেনে চলার উদাহরণ স্থাপন করার কথা, সেখানে প্রকাশ্যে ট্রাফিক নিয়ম ভেঙে বিলাসবহুল বাইক চালিয়ে তিনি যেন বলতে চেয়েছেন, “আইন সাধারণ মানুষের জন্য, আমাদের জন্য নয়”। হেলমেট না পরে নিজে ও পেছনের আরোহীকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে তিনি যে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন, তা সাধারণ নাগরিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি করেছে তা বলাই বাহুল্য।


