Aaj India Desk,পশ্চিম বর্ধমান: আসানসোলের জামুরিয়ায় ভোটের আগের রাতে ইভিএম (EVM) ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হল। মধ্যরাতে ১৯ নম্বর জাতীয় সড়কের জামুরিয়া শ্রীপুর মোড় এলাকার একটি ধাবার বাইরে দাঁড়িয়ে থাকা একটি স্করপিও গাড়ির ভিতরে একাধিক ইভিএম রাখা রয়েছে বলে অভিযোগ ওঠে। সেই ইভিএমগুলি নাকি যথাযথ নিরাপত্তা ছাড়াই গাড়ির মধ্যে রাখা ছিল বলে দাবি বিরোধী প্রার্থীদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সময় সেখানে উপস্থিত ছিলেন জামুরিয়া কেন্দ্রের সিপিএম (CPM) প্রার্থী মহম্মদ সাব্বির হুসেন এবং এনসিপি (NCP) প্রার্থী রিয়া মুখোপাধ্যায় । তাঁরা গাড়ির ভিতরে ইভিএম দেখতে পেয়ে তৎক্ষণাৎ সেক্টর অফিসারকে খুঁজে বের করেন এবং ঘটনাস্থলেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের প্রশ্ন ছিল, গভীর রাতে রাস্তার ধারে একটি গাড়ির মধ্যে কেন ইভিএম রাখা হয়েছে এবং সেগুলি কেন পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে ছিল না।
ঘটনাকে কেন্দ্র করে আরও জল্পনা তৈরি হয় যখন অভিযোগ ওঠে, একই ধাবার ভেতরে জামুরিয়ার বিদায়ী তৃণমূল (TMC) বিধায়ক তথা এবারের প্রার্থী হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল সিংয়ের গাড়িও পার্ক করা অবস্থায় দেখা যায়। যদিও প্রেমপাল সিংকে সেখানে দেখা যায়নি বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী পক্ষের সন্দেহ আরও বাড়ে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগের মুখে সেক্টর অফিসার জানান, তিনি ধাবার ভিতরে খাবার খেতে গিয়েছিলেন। গাড়িতে থাকা চারটি ইভিএম ছিল রিজার্ভ মেশিন, যা জামুরিয়ার নিঘা সেক্টরে ব্যবহারের জন্য রাখা হয়েছিল। তাঁর দাবি, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রেখেই তিনি ধাবায় প্রবেশ করেছিলেন। পাশাপাশি তৃণমূল বিধায়কের ছেলের গাড়ির সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই বলেও স্পষ্ট জানান তিনি।
তবে সেই ব্যাখ্যায় পরিস্থিতি শান্ত হয়নি। বিক্ষোভ চলতেই থাকে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভের মুখে থাকা স্করপিও গাড়ি, ইভিএম ও সংশ্লিষ্ট সেক্টর অফিসারকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।


