Aaj India Desk, কলকাতা : সম্প্রতি কলকাতায় নিট (NEET) প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনের সময় কয়েকজন সাংবাদিকের উপর হামলার ঘটনাকে ঘিরে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, এই সবই ‘শুক্রবারিয়া’র কাজ। এবার শুক্রবারেই নিজের লেখা কবিতার মাধ্যমে সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?
গত শুক্রবার কলকাতার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত নিট প্রশ্নফাঁস নিয়ে ছাত্রদের বিক্ষোভ চলাকালীন সাংবাদিকদের মারধরের ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “এসব শুক্রবারিয়ার কাজ।” এই মন্তব্যের মাধ্যমে তিনি স্পষ্টই একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে ইঙ্গিত করেন। ফলে এই মন্তব্য নিয়ে দ্রুত রাজনৈতিক বিতর্ক ছড়িয়ে পড়ে।
কবিতায় পাল্টা জবাব মমতার
এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর প্রকাশিত কবিতায় লেখেন, “‘শুক্রবারিয়া’ কোন অভিধানে রয়েছে?” এছাড়া কবিতার বিভিন্ন অংশে তিনি শব্দটির উৎপত্তি, ব্যবহার এবং ভাষাগত গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, এই শুক্রবারেই গুড ফ্রাইডে পালন হয়। অন্যদিকে সোম থেকে শুক্র সব দিনেই শিবের ও সন্তোষী মায়ের আরাধনাও হয়। তাহলে কেনো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবারের ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দিচ্ছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে বিজেপিকে কটাক্ষ করে তিনি লেখেন, ” গর্দভ শক্তি ধর্ম কি মানে?” তিনি দাবি করেন, ভাষা ও শব্দের ব্যবহারে মানুষের আরো দায়িত্বশীল হওয়া প্রয়োজন। তিনি লেখেন, “শব্দকোষ—ভাষার কথা, কথাকবিতায় গাঁথা। অসম্মান করলে ভুগতে হবে, নতজানু হবে মাথা।”
‘শুক্রবারিয়া’ মন্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতা নতুন রাজনৈতিক মাত্রা যোগ করেছে। একদিকে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে বিরোধীদের প্রশ্ন, অন্যদিকে কবিতার মাধ্যমে তার জবাব, এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। বিষয়টি নিয়ে শাসক ও বিরোধী শিবিরের পাল্টাপাল্টি অবস্থান অব্যাহত থাকলেও, বিতর্ক এখন ভাষার ব্যবহার, রাজনৈতিক বক্তব্যের দায়বদ্ধতা এবং সামাজিক সম্প্রীতির প্রশ্নকেও সামনে এনে দিয়েছে।


