Aaj lndia Desk, কলকাতা: আইপিএলের মঞ্চে তাঁদের জুটি এখন ট্র্যাভিষেক নামেই জনপ্রিয়। আর সেই জুটির অন্যতম স্তম্ভ অভিষেক শর্মাকে নিয়ে এবার খোলামেলা প্রশংসা করলেন ট্র্যাভিস হেড। স্পিনারদের বিরুদ্ধে অভিষেকের ব্যাটিংয়ে যে তিনি মুগ্ধ, তা একপ্রকার স্বীকার করে নিয়েছেন অজি তারকা।
হেডের কথায়, “এই মুহূর্তে স্পিন বোলিংয়ের বিরুদ্ধে যদি কাউকে সেরা বলতে হয়, তাহলে আমার চোখে সে অভিষেক শর্মা। তাই স্পিনাররা বল করতে এলেই আমি চেষ্টা করি ওকে বেশি স্ট্রাইক দিতে। কারণ, স্পিনের বিরুদ্ধে ও যেভাবে আক্রমণাত্মক ব্যাটিং করে, সেটা আমি হয়তো ওর মতো করে করতে পারব না।”
ক্রিকেটপ্রেমীদের কাছে ট্র্যাভিষেক জুটি এখন বিনোদনের আরেক নাম। আর হেডের এই মন্তব্য যেন আরও একবার বুঝিয়ে দিল, কেন অভিষেক শর্মা বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে স্পিনারদের অন্যতম বড় আতঙ্ক।
প্রতিপক্ষের উপর পাল্টা চাপ তৈরি করার ক্ষেত্রে অভিষেক শর্মার দক্ষতা যে আলাদা মাত্রার, তা আরও একবার স্পষ্ট করে দিলেন ট্র্যাভিস হেড। ওপেনিং সঙ্গীকে নিয়ে বলতে গিয়ে হেড জানালেন, পাওয়ার প্লে-র কঠিন মুহূর্তেও অভিষেক কীভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন, তা কাছ থেকে দেখেই মুগ্ধ তিনি।পাওয়ার প্লে-তে প্রতিটা দলই আমাদের চাপে ফেলার চেষ্টা করে। সেই সময় আমি বরং অভিষেককে বেশি স্ট্রাইক দেওয়ার চেষ্টা করি। তারপর শুধু দাঁড়িয়ে দেখি, কী দারুণভাবে ও ম্যাচটা নিজেদের দিকে টেনে নিচ্ছে। কয়েকটা বলের মধ্যেই প্রতিপক্ষের উপর পাল্টা চাপ তৈরি করে ফেলে ও।”
তবে ট্র্যাভিষেক জুটির রসায়ন নিয়েও উচ্ছ্বসিত এই ব্যাটার। তাঁর মতে,”আমাদের বোঝাপড়াটা দুর্দান্ত। মাঠে সেটা আলাদা করে চোখেও পড়ে। তবে এই জুটিকে নিয়ে এর বেশি কিছু বলতে চাই না।”


