Aaj India Desk, কলকাতা : মেসি-কাণ্ডের তদন্তে বারবার পুলিশি তলব এড়িয়ে যাওয়ার অভিযোগের মধ্যেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে কটাক্ষ করলেন ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর উদ্যোক্তা শতদ্রু দত্ত (Satadru Dutta)। বিশ্বকাপে লিওনেল মেসির নতুন গোলরেকর্ড ও হ্যাটট্রিকের পর বুধবার সকালে সামাজিক মাধ্যমে শতদ্রুর একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।
বুধবার বিশ্বকাপে আরও এক মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কিলিয়ান এমবাপে, গার্ড মুলার এবং রোনাল্ডো নাজারিওকে পিছনে ফেলে তিনি বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সফল গোলদাতাদের তালিকায় আরও ওপরে উঠে আসেন। একই সঙ্গে বিশ্বকাপে নিজের ১৬তম গোলের রেকর্ডও স্পর্শ করেন মেসি। ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে হ্যাটট্রিক করে তিনি টুর্নামেন্টের ইতিহাসে প্রবীণতম হ্যাটট্রিকদাতার নজির গড়েন। আন্তর্জাতিক ফুটবলে এটি তাঁর ১১তম হ্যাটট্রিক।
মেসির এই কৃতিত্বের পর সামাজিক মাধ্যমে অরূপ বিশ্বাসকে উদ্দেশ্য করে পোস্ট করেন শতদ্রু দত্ত (Satadru Dutta)। তিনি লেখেন, “অরূপদা, আপনার পাড়ার পল্টুদা হ্যাটট্রিক করেছে, এবার বেরিয়ে আসুন।” পোস্টটি ঘিরে বিভিন্ন মন্তব্যও সামনে আসে। কেউ লেখেন, “এবার কাঁধে হাত রেখে ছবি তুলতে হবে।” আবার কেউ কৌতুক করে মন্তব্য করেন, “অরূপদার ছোঁয়া পেতেই মেসি হ্যাটট্রিক করলো।”
উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হয়েছিল বহুল প্রচারিত ‘গোট ইন্ডিয়া ট্যুর’। সেখানে উপস্থিত ছিলেন লিওনেল মেসি। তবে অনুষ্ঠানটি ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা, নিরাপত্তা ঘাটতি এবং দর্শক অসন্তোষের অভিযোগ ওঠে। নির্ধারিত সময়ের অনেক আগেই মেসি স্টেডিয়াম ছেড়ে চলে যান। এরপর ক্ষুব্ধ দর্শকদের একাংশ মাঠে নেমে ভাঙচুর চালায়। ঘটনার পর প্রথমে আয়োজক শতদ্রু দত্তের (Satadru Dutta) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও পরে তিনি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। শতদ্রুর অভিযোগ, অনুষ্ঠানের ব্যবস্থাপনায় প্রভাব খাটানো, ভিআইপি প্রবেশাধিকার নিয়ে হস্তক্ষেপ, টিকিট বণ্টনে অনিয়ম এবং নিরাপত্তা ব্যবস্থাকে প্রভাবিত করার মতো একাধিক ঘটনা ঘটেছিল। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। বিষয়টি পরে কলকাতা হাইকোর্টেও পৌঁছায়।
তদন্তের স্বার্থে বিধাননগর দক্ষিণ থানার পক্ষ থেকে অরূপ বিশ্বাসকে একাধিকবার তলব করা হয়েছে বলে জানা যায়। তবে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সময় চেয়েছিলেন। পরবর্তীতে আরও নোটিস জারি হলেও তিনি এখনও তদন্তকারীদের সামনে হাজির হননি। ফলত মেসির হ্যাটট্রিকের পর ফের তাঁকে উদ্দেশ্য করে জেরায় হাজির হওয়ার দাবি জানালেন শতদ্রু। এবার অরূপ বিশ্বাস কবে তদন্তকারীদের সামনে আসেন সেটাই দেখার।


