Aaj India Desk, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের বহরমপুরে ফের সামনে এল এক শিউরে ওঠার মতো ঘটনা। কলেজ ঘাট এলাকা থেকে উদ্ধার হল মাত্র চার মাসের এক শিশু কন্যার দেহ।স্থানীয়দের অভিযোগ, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। যাতে দেহটি জলে ভেসে না ওঠে, সেই চেষ্টাই করা হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। আর এই দৃশ্য সামনে আসতেই স্তব্ধ গোটা এলাকা।
যে বয়সে একটি শিশুর সবচেয়ে নিরাপদ জায়গা হওয়ার কথা মায়ের কোল, সেই বয়সেই তাকে এমন নির্মম পরিণতির মুখে ঠেলে দেওয়া হল! কে বা কারা এই কাজ করল, কেন করল সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। কিন্তু তদন্তের আগেই একটা প্রশ্ন সাধারণ মানুষের মনকে নাড়িয়ে দিচ্ছে , প্রশ্ন থেকেই যাচ্ছে আমরা সত্যিই কি শিক্ষিত সমাজে বাস করি?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে ঘাটের কাছে কিছু মানুষ জলে একটি বস্তার মতো কিছু ভাসতে দেখেন। পরে কাছে আসতেই চোখে পড়ে ছোট্ট শিশুর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
কিন্তু তদন্তের বাইরেও থেকে যাচ্ছে এক গভীর প্রশ্ন। চার মাসের একটি শিশু কারও শত্রু হতে পারে ? তার কোনও অপরাধ থাকতে পারে না? যদিও এই ঘটনা শুধু একটি অপরাধ নয়, সমাজের মানবিকতার মুখে এক বড় প্রশ্নচিহ্ন।


