Aaj India Desk, কলকাতা: কলকাতার মুচিপাড়া থানা এলাকার মুচি বাজার (Muchibazar)-এ এক বিজেপি (BJP) কর্মীকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত ওই কর্মীর নাম বিপ্লব নাগ (Biplob Nag)। তিনি কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অভিযোগ উঠেছে, তৃণমূল (TMC) ঘনিষ্ঠ কিছু দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়।
স্থানীয়দের দাবি, বুধবার রাতে বিপ্লববাবু কয়েকজন পরিচিত মানুষের সঙ্গে এলাকায় দাঁড়িয়ে কথা বলছিলেন। সেই সময় হঠাৎ কয়েকজন যুবক লোহার রড নিয়ে সেখানে এসে হামলা চালায়। অভিযোগ, পিছন দিক থেকে বিপ্লববাবুর মাথায় সজোরে আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় তিনি ওখানেই লুটিয়ে পড়ে যান। পরে স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
বিপ্লববাবুর অভিযোগ, ভোটের আগে থেকেই তাঁকে এবং তাঁর পরিবারকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছিল। আগামী রবিবার ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে সংবর্ধনা দেওয়ার একটি অনুষ্ঠান হওয়ার কথা। সেই অনুষ্ঠান নিয়ে আলোচনা চলাকালীনই এই হামলার ঘটনা ঘটে বলে দাবি বিজেপির। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের অভিযোগ, সংবর্ধনা অনুষ্ঠান আটকাতেই পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এটি রাজনৈতিক ঘটনা নয়, এলাকায় ব্যক্তিগত বিবাদের জেরেই এই মারধরের ঘটনা ঘটেছে।
এদিকে ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে পাল্টা দাবি করেছেন, তাঁদের পক্ষের এক কর্মীও গুরুতর আহত হয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর বক্তব্য, বিজেপির কিছু ছেলে প্রথমে তাঁদের বুথ এজেন্ট দ্বিপন সাহাকে মারধর করে। পরে খবর পেয়ে তাঁর ভাই ঘটনাস্থলে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মুচিপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


