26 C
Kolkata
Thursday, September 24, 2026
spot_img

৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি! বাংলায় গেল কত?

Aaj India Desk, নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে (Assembly Election) বিজেপি (BJP) মোট ৫২৯ কোটি ৩৮ লক্ষ টাকারও বেশি খরচ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় অঙ্ক খরচ হয়েছে পশ্চিমবঙ্গে (West Bengal)। নির্বাচন কমিশনের (ECI) কাছে জমা দেওয়া দলের হিসাব অনুযায়ী, পাঁচ রাজ্যের মধ্যে বাংলাতেই বিজেপির নির্বাচনী খরচ সবচেয়ে বেশি—প্রায় ২৮৬ কোটি টাকা। অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি এবং পশ্চিমবঙ্গ—এই পাঁচ রাজ্যের ভোটে বিজেপির কেন্দ্রীয় দফতর থেকে মোট ৫২৯ কোটি ৩৮ লক্ষ টাকা খরচ করা হয়েছে। তার মধ্যে শুধু বাংলার জন্যই ব্যয় হয়েছে ২৮৬ কোটি টাকা।

বাংলাতেই কেন এত খরচ?

বাংলায় বিজেপির মোট খরচের মধ্যে ২১৭ কোটি ১৬ লক্ষ টাকা গিয়েছে দলের প্রচার এবং অন্যান্য সাধারণ নির্বাচনী কাজে। এছাড়া প্রার্থীদের জন্য খরচ হয়েছে ৬৯ কোটি ৮৩ লক্ষ টাকা। এর মধ্যে ৫৮ কোটি ৮০ লক্ষ টাকা সরাসরি প্রার্থীদের দেওয়া হয়েছিল।

দলের জমা দেওয়া হিসাব থেকেই বোঝা যাচ্ছে, পাঁচ রাজ্যের মধ্যে বাংলাকে কতটা গুরুত্ব দিয়ে নির্বাচনী লড়াইয়ে নামা হয়েছিল। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, পাঁচ রাজ্যের মধ্যে বাংলাতেই বিজেপির খরচের অঙ্ক সবচেয়ে বেশি।

অন্য রাজ্যে কত টাকা খরচ?

বাংলার পর সবচেয়ে বেশি টাকা খরচ হয়েছে অসমে। সেখানে বিজেপির ব্যয় ৯৬ কোটি ২৬ লক্ষ টাকা। কেরলে খরচ হয়েছে ৮২ কোটি ৬৭ লক্ষ টাকা। তামিলনাড়ুতে দলের খরচ ৫১ কোটি ৫৬ লক্ষ টাকা। তবে এত টাকা খরচ করেও তামিলনাড়ুতে সরকার গড়তে পারেনি বিজেপি। অন্যদিকে, পুদুচেরিতে দলের খরচ হয়েছে ১১ কোটি ৮৯ লক্ষ টাকা। অর্থাৎ পাঁচ রাজ্যের মধ্যে নির্বাচনী খরচের নিরিখে বাংলা সবার উপরে, আর তার পরেই রয়েছে অসম।

ভোটের পর দলের তহবিলে কত টাকা?

নির্বাচনী পর্বে বিজেপির মোট প্রাপ্তির পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৪৯৪ কোটি টাকা। ভোটপর্ব শেষ হওয়ার পর দলের হাতে থাকা মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ৭ হাজার ৬৮৯ কোটি ৬ লক্ষ টাকা। এই হিসাবের মধ্যে ব্যাঙ্কে থাকা অর্থের পাশাপাশি নগদের হিসাবও রয়েছে।

রাজনৈতিক দলের খরচের নিয়ম কী?

নির্বাচনে প্রার্থী এবং রাজনৈতিক দলের খরচের নিয়ম এক নয়। একজন প্রার্থীর নির্বাচনী ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্দিষ্ট থাকে। কিন্তু রাজনৈতিক দলের ক্ষেত্রে নির্বাচনী প্রচারে মোট খরচের কোনও নির্দিষ্ট সর্বোচ্চ সীমা নেই।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোট শেষ হওয়ার পর প্রার্থীদের নিজেদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হয়। একইভাবে রাজনৈতিক দলগুলিকেও নির্বাচনী প্রচারে কোথায় কত টাকা খরচ হয়েছে, তার বিস্তারিত হিসাব দিতে হয়।প্রচার, সভা, বিজ্ঞাপন, যাতায়াত, প্রচারসামগ্রী-সহ বিভিন্ন ক্ষেত্রেই রাজনৈতিক দলের টাকা খরচ হয়। এবার পাঁচ রাজ্যের ভোটে বিজেপির কেন্দ্রীয় দফতরের জমা দেওয়া হিসাবেই বাংলায় বিপুল খরচের বিষয়টি সামনে এসেছে।

সব মিলিয়ে পাঁচ রাজ্যে ৫২৯ কোটির বেশি টাকা খরচ করলেও, তার মধ্যে ২৮৬ কোটি টাকা শুধু বাংলায় ব্যয় হওয়া নির্বাচনী লড়াইয়ে রাজ্যটির গুরুত্বের বিষয়টিকে সামনে এনেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন