নয়াদিল্লি: দেশের নির্বাচন কমিশনের (Election Commission) অন্দরে কি সত্যিই তৈরি হয়েছে গভীর মতপার্থক্য? সেই প্রশ্নই এখন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত প্রায় ১০ মাসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে অন্তত ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছেন অপর দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী।
বুধবার এই রিপোর্ট রীতিমতো বিস্ফোরণ ঘটায়! এই জাতীয় বিতর্কে এবার সরব হলেন ককরোচ জনতা পার্টি (CJP)-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijit Dipke) । প্রতিবেদনের প্রেক্ষিতে তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে উদ্দেশ করে বলেন, “জ্ঞানেশ, ইটস ডান ব্রো”। পাশাপাশি এই ইস্যুতে ফের বিক্ষোভ সংগঠিত করার হুঁশিয়ারিও দেন।
প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত প্রায় ১০ মাসে নির্বাচন কমিশনের (Election Commission) একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে অপর দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী লিখিত আপত্তি জানিয়েছিলেন। এই দাবিকে কেন্দ্র করেই বিরোধী রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
CJP-র পক্ষ থেকে অভিজিৎ দীপকের (Abhijit Dipke) বক্তব্য, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও কমিশনের জবাবদিহি নিশ্চিত করতে জনমত গড়ে তোলা হবে। তাঁর দাবি, বিষয়টি নিয়ে দেশজুড়ে গণআন্দোলনের প্রয়োজন রয়েছে।
অন্যদিকে, নির্বাচন কমিশন (Election Commission) এক বিবৃতিতে জানিয়েছে, সদস্যদের মধ্যে ভিন্ন মত থাকা গণতান্ত্রিক সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ার স্বাভাবিক অংশ। কমিশনের দাবি, আলোচনা ও মতবিনিময়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত যৌথভাবেই গৃহীত হয়।
বর্তমানে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে উত্থাপিত দাবিগুলি, যা নিয়ে রাজনৈতিক চাপ ও পাল্টা প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।


