28 C
Kolkata
Sunday, October 4, 2026
spot_img

সারথি সাইকেল নিয়ে বড় আপডেট, বাংলাতেই তৈরি হবে সাইকেল? জানালেন অগ্নিমিত্রা পাল

Aaj India Desk, কলকাতা: পুজোর আগেই রাজ্যের পড়ুয়াদের জন্য বড় সুখবর। এবার থেকে নবম শ্রেণি নয়, অষ্টম শ্রেণিতে উঠলেই সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি ‘সারথি’ (Sarathi) প্রকল্পের সাইকেল বাংলার মাটিতেই তৈরির পরিকল্পনার কথাও সামনে এসেছে। আর সেই পরিকল্পনা ঘিরেই এবার আসানসোলে (Asansol) সাইকেল তৈরির সম্ভাবনার ইঙ্গিত দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

অষ্টম শ্রেণি থেকেই মিলবে বিনামূল্যে সাইকেল

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হতে চলা প্রায় ১২.৫৯ লক্ষ পড়ুয়ার হাতে বিনামূল্যে সাইকেল তুলে দেওয়া হবে। এতদিন নবম শ্রেণির পড়ুয়ারা এই সুবিধা পেত। এবার সেই নিয়মে বদল এনে এক ধাপ আগেই পড়ুয়াদের হাতে সাইকেল পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়ারাই এই প্রকল্পের আওতায় আসবে। সরকারের এই সিদ্ধান্তে স্কুলে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ করে দূরবর্তী এলাকার পড়ুয়াদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

বাংলাতেই তৈরি হবে ‘সারথি’র সাইকেল

শুধু পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়াই নয়, সাইকেল তৈরির ক্ষেত্রেও বড় পরিবর্তনের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার থেকে সারথি প্রকল্পের জন্য বাইরে থেকে সাইকেল না এনে বাংলাতেই তা তৈরি করার উদ্যোগ নেওয়া হবে।

সাইকেল উৎপাদনে আগ্রহী শিল্পগোষ্ঠী বা সংস্থাকে বিনামূল্যে জমি দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে সরকারি প্রকল্পের চাহিদার পাশাপাশি রাজ্যে সাইকেল শিল্প ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

আসানসোলে ফের সাইকেল কারখানার ইঙ্গিত

শনিবার আসানসোল দক্ষিণের (Asansol South) বল্লভপুর রামগোপাল সরাফ বিদ্যাপীঠে সারথি প্রকল্পের সাইকেল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই আসানসোলে ফের সাইকেল তৈরির সম্ভাবনার কথা জানান অগ্নিমিত্রা পাল।

মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী এবার বাইরে থেকে সাইকেল না এনে বাংলাতেই সারথি প্রকল্পের সাইকেল তৈরি করা হবে। এ প্রসঙ্গে তিনি আসানসোলের বিখ্যাত সেনরেল (Sen-Rail) কারখানার কথাও তুলে ধরেন।

সেনরেলকে ঘিরে নতুন আশার আলো

অগ্নিমিত্রা পাল জানান, একসময় আসানসোলের সেনরেল কারখানায় সাইকেল তৈরি হত। সেই পুরনো শিল্প পরিকাঠামোকে কাজে লাগিয়ে নতুন করে সাইকেল উৎপাদনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলেও ইঙ্গিত দেন তিনি।

ফলে সারথি প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন অষ্টম শ্রেণির পড়ুয়ারা আগেই বিনামূল্যে সাইকেল পাবে, অন্যদিকে বাংলায় সাইকেল উৎপাদনের উদ্যোগ বাস্তবায়িত হলে আসানসোলের মতো শিল্পাঞ্চলেও নতুন কর্মসংস্থানের দরজা খুলতে পারে। এখন দেখার, সারথি সাইকেলের উৎপাদন শেষ পর্যন্ত আসানসোলে কতটা বাস্তব রূপ নেয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন