30.2 C
Kolkata
Monday, July 6, 2026
spot_img

বারুইপুর কাণ্ডে বড় আপডেট, কালই মুখ্যমন্ত্রীর সফর

Aaj lndia Desk,কলকাতা: বারুইপুরে নাবালিকা খুনের ঘটনা (Baruipur Case) কে ঘিরে এখনও থমথমে পরিস্থিতি। এরই মধ্যে মঙ্গলবার বারুইপুর পুলিশ সুপারের দফতরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার কলকাতার মিত্র ইনস্টিটিউশনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই মামলার কোনও অভিযুক্তকেই ছাড় দেওয়া হবে না। দোষীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে রাজ্য সরকার যা যা করার, সবই করবে।

মুখ্যমন্ত্রী বলেন, নাবালিকা নিখোঁজ হওয়ার পর স্থানীয় পুলিশের কোনও গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশকর্মীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্যাতিতার পরিবারের পাশে সরকার রয়েছে বলেও আশ্বাস দেন তিনি। মঙ্গলবার ভবানীভবনে নির্যাতিতার বাবার সঙ্গে তাঁর দেখা হওয়ার কথা। ইতিমধ্যেই ফোনে তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

এদিকে তদন্তে গতি আনতে রাজ্য পুলিশ ছয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে। সোমবার এই মামলার মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে বারুইপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এর ফলে মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে তিনে দাঁড়াল। নিহত কিশোরীর পরিবারের অভিযোগে চার জনের নাম ছিল। তদন্তকারীরা জানিয়েছেন, পলাতক অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ রাখছিল এমন আরও তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কল রেকর্ড-সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

শুধু খুনের মামলাই নয়, ঘটনার পর উত্তেজনার জেরে আরও তিনটি পৃথক মামলা দায়ের হয়েছে। এর মধ্যে রয়েছে গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যু, পুলিশকে মারধর এবং রেললাইন অবরোধের অভিযোগ। মুখ্যমন্ত্রীর দাবি, আইন হাতে তুলে নেওয়ার ঘটনায় প্রায় ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গত শনিবার থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। রবিবার একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যু হয়। দীর্ঘ সময় রেল অবরোধের ফলে ট্রেন চলাচলও ব্যাহত হয়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বারুইপুর সফর এবং তদন্ত নিয়ে তাঁর পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর গোটা রাজ্যের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন