Aaj India Desk, কলকাতা: সেপ্টেম্বর মাসের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা কবে মিলবে, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই অপেক্ষায় ছিলেন বহু মহিলা। এর মধ্যেই মঙ্গলবার নন্দীগ্রামের (Nandigram) সংকল্প সভা থেকে এই প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
নন্দীগ্রামের মানুষের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, এলাকার প্রতিটি পরিবারের হাতে কাজ, মুখে খাবার এবং মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে সরকার। তাঁর দাবি, ইতিমধ্যেই নন্দীগ্রামের ৬৭ হাজার মা-বোনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হয়েছে। শুধু তাই নয়, ৮ হাজার অর্ধসমাপ্ত বাড়ির জন্য দ্বিতীয় কিস্তির টাকাও দেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি আরও ১৩ হাজার ৭০০টি বাড়ির জন্য নতুন কিস্তির টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর আশ্বাস, এলাকার মানুষের কাজের ব্যবস্থাও করা হবে।
এদিকে সেপ্টেম্বরের ৩ হাজার টাকা নিয়ে অপেক্ষায় থাকা মহিলাদের জন্যও রয়েছে গুরুত্বপূর্ণ খবর। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হবে। ওই দিন গোটা রাজ্যে ‘অন্নপূর্ণা দিবস’ পালন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে। এর জন্য নির্দিষ্ট কিছু নিয়ম ও যোগ্যতার শর্ত রয়েছে। তাঁর দাবি, ইতিমধ্যেই অগাস্ট মাসে ১ কোটি ৪৮ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি অনুযায়ী গত তিন মাস ধরে বাংলার মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হচ্ছে। এই প্রকল্পে প্রতি মাসে ৩ হাজার টাকা করে পাওয়ার কথা যোগ্য মহিলাদের।
তবে প্রকল্পের ফর্ম পূরণ করার পরেও এখনও টাকা পাননি—এমন অভিযোগও করছেন বহু মহিলা। গত মাসে ১ কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পৌঁছালেও, যোগ্য হওয়া সত্ত্বেও অনেকে এখনও সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন বলে দাবি উঠেছে। এখন নজর সেপ্টেম্বর মাসের কিস্তির দিকে। ১৭ সেপ্টেম্বর যোগ্য অথচ এখনও টাকা না পাওয়া মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছয় কি না, সেটাই দেখার।


