Aaj lndia Desk,কলকাতা: বীরভূমের কথিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল ওরফে মহম্মদ নিজামউদ্দিনকে ঘিরে তদন্তে আরও বড় সাফল্যের দাবি করেছে পুলিশ। শনিবার তাঁর সঙ্গে যুক্ত আরও ৪২.৫ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এর ফলে এখনও পর্যন্ত মোট ১৩৫.৫ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করা হয়েছে। এর আগে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনার সঙ্গে মিলিয়ে মোট প্রায় ১৮৬ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত বা ফ্রিজ করা হয়েছে বলে তদন্তকারী সূত্রে জানা গিয়েছে।
তদন্তে টুলু মণ্ডলের বিপুল সম্পত্তিরও হদিশ মিলেছে। ইতিমধ্যেই ২৪২টি যানবাহন, দুটি পেট্রোল পাম্প এবং ২১টি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাতটি বাড়ি, একটি ফার্মহাউস-সহ একাধিক মূল্যবান সম্পত্তি। তদন্তকারীদের মতে, অনুসন্ধান যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন তথ্য।
এদিকে, টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনা উদ্ধারের মামলায় টুলু মণ্ডলের বিরুদ্ধে নন-বেলেবল ওয়ারেন্ট (NBW) জারি করেছে আদালত। তদন্তকারী সংস্থার আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মিনার মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং সংগঠিত অপরাধে যুক্ত থাকার অভিযোগ।
সবচেয়ে বড় প্রশ্ন এখন, টুলু মণ্ডল কোথায়? তদন্তকারী সূত্রের আশঙ্কা, গত সপ্তাহে পরিবারের সদস্যদের নিয়ে দুবাই যাওয়ার পর তিনি তুরস্ক হয়ে অন্য কোনও দেশে আত্মগোপন করে থাকতে পারেন। তাঁর সঙ্গে এক ব্যবসায়ীর পরিবারও বিদেশে গিয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। এদিকে, টুলু মণ্ডলের ব্যবহৃত চারটি মোবাইল ফোনই বর্তমানে সুইচড অফ। ফলে তাঁর অবস্থান জানতে তদন্তকারীদের চেষ্টা আরও জোরদার হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও চলছে এবং আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।


