Aaj India Desk, কলকাতা : রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC) গঠনকে কেন্দ্র করে সম্ভাব্য ভোটাভুটি এড়ালো বিধানসভা। ২০ সদস্যের কমিটির জন্য ঠিক ২০ জন বিধায়ক মনোনয়ন জমা দেওয়ায় নির্বাচন কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই সম্পন্ন হচ্ছে। সংসদীয় ঐতিহ্য মেনে এবার পিএসি-র চেয়ারম্যান পদ বিরোধী শিবিরের হাতেই তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে চেয়ারম্যান পদে ঋতব্রত শিবিরের কোনও বিধায়কের নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০ সদস্যের তালিকা চূড়ান্ত
বিধানসভা সূত্র অনুযায়ী, জমা পড়া মনোনয়ন তালিকায় সবার প্রথমে রয়েছেন কালীঘাটপন্থী প্রবীণ বিধায়ক অশোককুমার দেব। এছাড়া বিরোধী শিবিরের পাঁচ বিধায়ক সমর মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, বিপ্লব মিত্র, গোলাম রব্বানী এবং কানাইয়ালাল আগরওয়াল এই তালিকায় রয়েছেন। এছাড়া এই তালিকায় রয়েছেন অশোককুমার দেব, অনুপকুমার সাহা, অম্লান ভাদুড়ি, বঙ্কিমচন্দ্র ঘোষ, হিরণ্ময় চট্টোপাধ্যায়, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, রাজেশ কুমার, রূপা গঙ্গোপাধ্যায়, সৈকত পাঁজা, সমরেন্দ্রনাথ ঘোষ, শিখা চট্টোপাধ্যায়, সোনম লামা, সৌরভ সিকদার, সুব্রত ঠাকুর, স্বপনকুমার দাস।
চেয়ারম্যান পদে কার নাম?
পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC)-র চেয়ারম্যান পদকে ঘিরে এখন বিধানসভার অন্দরে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। এই মুহূর্তে চেয়ারম্যান পদের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দুই বিরোধী বিধায়ক। রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় এবং বন্দর এলাকার বিধায়ক ফিরহাদ হাকিমের মধ্যে কোনও একজনের হাতে পিএসি-র নেতৃত্ব তুলে দেওয়া হতে পারে বলে জোর চর্চা চলছে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, সংসদীয় রীতি অনুযায়ী পিএসি-র চেয়ারম্যান পদ সাধারণত প্রধান বিরোধী দলের প্রতিনিধির হাতে থাকে। যদিও অতীতে এই পদ নিয়ে একাধিক রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। মানস ভুঁইয়া, মুকুল রায় ও সুমন কাঞ্জিলালকে চেয়ারম্যান করা নিয়ে তৎকালীন বিরোধী দল বিজেপি পিএসি-র বৈঠক বয়কট করেছিল। তবে এবার সেই বিতর্ক এড়িয়ে সংসদীয় প্রথা বজায় রাখার ইঙ্গিত মিলেছে।


