Aaj India Desk,কলকাতা: অগাস্ট মাসের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) কিস্তি দেওয়ার আগে উপভোক্তাদের তালিকা নিয়ে কড়া যাচাই শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই বহু মহিলার অ্যাকাউন্টে প্রথম দুই মাসের ভাতার টাকা পৌঁছে গেলেও, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠেছে যে অনেক যোগ্য আবেদনকারী এখনও প্রকল্পের সুবিধা পাননি। আবার অন্যদিকে, অযোগ্য হয়েও কেউ কেউ তালিকায় নাম তুলেছেন বলেও অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতেই প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
জানা গিয়েছে এবার বিধায়কদেরও এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের নিজ নিজ এলাকায় জনসংযোগ বাড়িয়ে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে এবং যাঁরা নিয়মের বাইরে থেকেও সুবিধা পেয়েছেন বলে অভিযোগ, তাঁদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যেই এই প্রাথমিক যাচাইয়ের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, অগাস্টের কিস্তি পাঠানোর আগে আবেদনকারীদের নথিপত্র ফের খতিয়ে দেখা হবে। যাচাইয়ে যদি দেখা যায় কেউ প্রকল্পের নির্ধারিত যোগ্যতার মধ্যে পড়েন না বা ভুল তথ্য দিয়ে আবেদন করেছেন, তাহলে তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অনেক ক্ষেত্রে বার্ষিক পারিবারিক আয় এক লক্ষ টাকার বেশি হওয়া সত্ত্বেও কিছু নাম তালিকায় এসেছে, আবার যোগ্য হয়েও অনেকে বাদ পড়েছেন। তাই শুধুমাত্র প্রশাসনের রিপোর্টের উপর নির্ভর না করে বিধায়কদেরও সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ রেখে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বিভিন্ন মহলে দাবি উঠেছে, ভুল তথ্য দিয়ে যাঁরা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পেয়েছেন, তাঁদের কাছ থেকে সেই অর্থ ফেরত নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হতে পারে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে বিষয়টি এখনই নিশ্চিত নয়।
রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতি রায়ও জানিয়েছেন, অনলাইনে জমা দেওয়া তথ্য বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে। কেউ তথ্য গোপন করে বা নিয়ম ভেঙে প্রকল্পের সুবিধা নিয়ে থাকলে, যাচাইয়ের পর তাঁদের নামও তালিকা থেকে বাদ দেওয়া হবে। সরকারের বক্তব্য, প্রকৃত যোগ্য কোনও মহিলা যাতে বঞ্চিত না হন এবং অযোগ্য কেউ যাতে সরকারি সুবিধা না পান, সেটাই এখন সবচেয়ে বড় লক্ষ্য।


