নয়াদিল্লি: আরও একবার সমাজমাধ্যমে ভিডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার এক্স (X)-এ প্রকাশিত ভিডিওতে তিনি জানান, দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর করতে একটি উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, তাদের ছেড়ে কথা বলা হবে না।” তাঁর (Narendra Modi) দাবি, পরীক্ষা দুর্নীতির সঙ্গে যুক্ত একাধিক অভিযুক্ত ইতিমধ্যেই জেলে রয়েছে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালতের ব্যবস্থাও করা হয়েছে।
X Link: https://x.com/narendramodi/status/2081371118188028277
মোদী জানান, পরীক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কেন্দ্র একের পর এক পদক্ষেপ করছে। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪-এর সংশোধনী বিল অনুমোদন পেয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সোমবার সেই বিল সংসদে পেশ করা হবে এবং পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর আইনি কাঠামো গড়ে তোলার প্রক্রিয়া শুরু হবে। প্রধানমন্ত্রীর (Narendra Modi) কথায়, “পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর। প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা এবং জবাবদিহি বাড়িয়ে পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভুল ও বিশ্বাসযোগ্য করে তোলাই আমাদের লক্ষ্য।”
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং NEET বিতর্কের পর কেন্দ্রের এই ঘোষণাকে শিক্ষা ব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। এখন নজর থাকবে নন্দন নিলেকানির নেতৃত্বাধীন টাস্ক ফোর্স কী সুপারিশ করে এবং নতুন আইন পরীক্ষায় অনিয়ম রোধে কতটা কার্যকর হয়।


