Aaj India Desk, উত্তর ২৪ পরগনা: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত, সেই সময় বরানগরে এক বিজেপি (BJP)নেতাকে কোপানোর অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়াল। শুধু ওই নেতাই নন, হামলায় আহত হয়েছেন তাঁর পরিবারের সদস্যরাও। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। আহত বিজেপি নেতার নাম সোমনাথ ধর। তিনি এলাকায় বিজেপির বুথ সভাপতি হিসেবে পরিচিত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বরানগরের একটি বাড়ি দখলকে কেন্দ্র করেই এই অশান্তির সূত্রপাত। অভিযোগ, সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন সোমনাথ। এরপর থেকেই তাঁর উপর চাপ তৈরি করা হচ্ছিল। সোমনাথ বরানগরের ২৪ নম্বর ওয়ার্ডের নৈনান পাড়া এলাকার বাসিন্দা।পরিবারের দাবি, শুভঙ্কর ও রঞ্জিত ধর নামে দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে তৃণমূলের প্রভাব দেখিয়ে সোমনাথকে ভয় দেখাতেন। তাঁদের অভিযোগ, সোমনাথের বাড়ির অংশ নিয়ে সেখানে প্রোমোটিং করার পরিকল্পনা ছিল অভিযুক্তদের। কিন্তু সোমনাথ তাতে রাজি না হওয়ায় বিরোধ আরও বাড়ে।
অভিযোগ, বুধবার রাতে আচমকাই সোমনাথের উপর হামলা চালানো হয়। বাড়ির সামনে তাঁকে ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। ভাইকে বাঁচাতে গেলে পরিবারের আরও কয়েকজন সদস্যও আক্রান্ত হন। আহত বিজেপি নেতার দিদির বক্তব্য, চিৎকার শুনে তিনি বাইরে বেরিয়ে এসে দেখেন তাঁর ভাইয়ের উপর হামলা চলছে। তিনি বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। তাঁর হাতেও চোট লাগে এবং সেলাই পড়েছে বলে জানিয়েছেন তিনি। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরানগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে।


