কলকাতা: দু-বছর আগে অভয়ার হত্যার প্রতিবাদে রাতদখল করেছিল হাজার হাজার মানুষ। এবার সেই ১৪ আগস্টের রাতেই রাজপথে নামবেন মহিলারা, ডাক দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। আগামী ১৪ অগস্ট রাত ৯টায় বালিগঞ্জ শিক্ষাসদন থেকে গোলপার্ক পর্যন্ত মিছিলের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। তাঁর বার্তা, মহিলাদের স্বাধীনতার স্বার্থেই রাতে পথে নামতে হবে। অগ্নিমিত্রার আহ্বান, বয়সের বাধা ভুলে ‘আট থেকে আশি’, সব মহিলাই এই মিছিলে যোগ দিন। বালিগঞ্জ শিক্ষাসদন থেকে গোলপার্ক এবং সেখান থেকে ফের শিক্ষাসদন পর্যন্ত এই পদযাত্রা হবে বলে জানিয়েছেন তিনি।
নারী নিরাপত্তা এবং স্বাধীনতার প্রশ্নকে সামনে রেখেই এই কর্মসূচি বলে দাবি মন্ত্রীর। তাঁর (Agnimitra Paul) বক্তব্য, কোনও মহিলা কী পোশাক পরবেন, কখন বাড়ির বাইরে বেরোবেন কিংবা রাতে রাস্তায় চলবেন কি না, এই সিদ্ধান্ত অন্য কেউ নিতে পারেন না। সেই বার্তাই এবার রাজপথে তুলে ধরতে চাইছে সরকার।
অগ্নিমিত্রার অভিযোগ, আগের সরকারের আমলে নারী নির্যাতনের ঘটনা নিয়ে প্রশ্ন উঠলেও অনেক সময় উল্টে মহিলাদের পোশাক কিংবা বাইরে বেরোনোর সময় নিয়েই মন্তব্য করা হয়েছে। তাঁর (Agnimitra Paul) কথায়, “আমরা কী পরব, কী পরব না, কখন বেরোব, কখন নয়—তা ঠিক করার অধিকার কারও নেই।” শুধু মিছিল নয়, নারী নিরাপত্তায় একাধিক সরকারি উদ্যোগের কথাও তুলে ধরেছেন মন্ত্রী। স্কুলছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে ‘রানি লক্ষ্মীবাঈ আত্মরক্ষা প্রশিক্ষণ’ চালুর কথা রয়েছে। পাশাপাশি মহিলা থানা এবং পুলিশের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর মতো ব্যবস্থার কথাও বলা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪-এ আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যার প্রতিবাদে তোলপাড় হয়ে গিয়েছিল সমগ্র দেশ। নির্যাতিতার বিচারের দাবীতে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিলেন দেশের চিকিৎসক থেকে শুরু করে আবালবৃদ্ধবনিতা। ছাব্বিশের ভোটে অভয়া ইস্যু মমতার সরকার পতনের অন্যতম কারণ বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সেইসঙ্গে বিজেপির কাছে এটা ছিল অন্যতম বড় অস্ত্র। এবার ক্ষমতায় এসে অভয়া ফাইল খুলেছে বিজেপি। সেইসঙ্গে স্বাধীনতা দিবসের আগের রাতে অগ্নিমিত্রার (Agnimitra Paul) ‘রাত দখল’ নারীসুরক্ষার পাশাপাশি যে রাজনৈতিক বার্তাও হতে চলেছে, তা বলাই বাহুল্য।


