Aaj India Desk, নয়া দিল্লি : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা। ২৯৩টির মধ্যে ২০৭টি আসনে জয় পেয়ে প্রথমবারের মতো সরকার গঠনের পথে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে এগিয়ে রাখা হলেও, এখন সামনে উঠে আসছে বিজেপি নেত্রী ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) নামও। এর মধ্যেই জরুরি ভিত্তিতে দিল্লিতে তলব করা হলো অগ্নিমিত্রা পালকে। দিল্লিতে গিয়ে অমিত শাহের সাথে দেখা করতে চলেছেন তিনি।
কেনো গুরুত্ব পাচ্ছেন তিনি ?
দীর্ঘ ১৫ বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের পর বাংলায় সেই ছবিকে সরাতে দল কোনো মহিলা মুখকেই মুখ্যমন্ত্রী রূপে সামনে আনতে পারে বলে ইঙ্গিত বিজেপির অন্দরে। রাজনৈতিক মহলের একাংশের মতে, দিল্লিতেও মহিলা মুখ্যমন্ত্রী আনার পর যে সাফল্যের মুখ দেখেছে বিজেপি, সেই সাফল্যই বঙ্গে ধরে রাখতে কোনো নারীকেই মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব দিতে পারে বিজেপি। সেই কারণেই অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) নামও গুরুত্ব পাচ্ছে।
কোন পদে দায়িত্ব দেওয়া হতে পারে ?
অগ্নিমিত্রা এই বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়কে ৪০,৮৩৯ ভোটে পরাজিত করেছেন। তবে মুখ্যমন্ত্রী পদে শুভেন্দুর নাম এগিয়ে থাকায় হয়তো অন্য কোনো বড় পদে দায়িত্ব দেওয়া হবে অগ্নিমিত্রাকে। নিজস্ব সূত্র অনুযায়ী, উপমুখ্যমন্ত্রী বা কোনো গুরু দায়িত্ব দেওয়া হবে অগ্নিমিত্রাকে।
উল্লেখ্য, অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) বিভিন্ন সময়ে নারী নির্যাতন ও মহিলাদের অধিকার নিয়ে আন্দোলনে অংশ নিয়েছেন। নির্বাচনে মহিলা ভোটারের সক্রিয় অংশগ্রহণের পর বিজেপি যদি মহিলা নেতৃত্বকে সামনে আনে, তাহলে তা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। বিশেষ করে দীর্ঘদিন ধরে মহিলা ভোটব্যাঙ্কই তৃণমূলের অন্যতম শক্তি ছিল। সেই সমীকরণে পরিবর্তন আনতেই বিজেপি এই নতুন কৌশল নিতে পারে। একই সাথে নারী মুখকে মুখ্যমন্ত্রী বা অন্য বড় পদে তুলে ধরলে বাংলায় বিজেপির নারী ক্ষমতায়নের দৃষ্টান্তও তৈরি হবে। তবে এর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে শুক্রবার কেন্দ্রীয় বৈঠকের পরেই। এখন অগ্নিমিত্রাকে কোন গুরু দায়িত্ব দেওয়া হয়, সেদিকেই চোখ রাজনৈতিক মহলের।


