29.6 C
Kolkata
Friday, July 24, 2026
spot_img

দুই ছেলের পর এবার ইডির মুখোমুখি মদনের স্ত্রী! কি হচ্ছে সিজিও কমপ্লেক্সে?

কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির মুখোমুখি হলেন মদন মিত্রের (Madan Mitra) স্ত্রী অর্চনা মিত্র। বুধবার ও বৃহস্পতিবার দুই ছেলে শুভরূপ এবং স্বরূপ মিত্রকে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার সকাল প্রায় ১১টা নাগাদ ছোট ছেলে শুভরূপকে সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে পৌঁছন তিনি। সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর না দিয়েই সরাসরি দফতরের ভিতরে প্রবেশ করেন অর্চনা।

কয়েকদিন আগেই মদন মিত্রের (Madan Mitra) স্ত্রী ও দুই ছেলেকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেই নোটিসের পরই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। শিবির বদলের পর মদন মিত্র নিজেই জানিয়েছিলেন, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন এবং তাঁর পরিবারের সদস্যরাও ইডির ডাকে সাড়া দেবেন।

বুধবার প্রায় ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় ছোট ছেলে শুভরূপ মিত্রকে। পরদিন বড় ছেলে স্বরূপ মিত্রও ইডির মুখোমুখি হন। শুক্রবার সেই ধারাবাহিকতায় হাজিরা দিলেন অর্চনা মিত্র (Archana Mitra)। তদন্তকারীরা তাঁকে মামলার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন নথিপত্র আনতে বলেছিলেন। সূত্রের খবর, সেই নথিগুলি খতিয়ে দেখার পাশাপাশি আর্থিক লেনদেন ও সম্পত্তি সংক্রান্ত একাধিক বিষয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

ইডির দাবি, টিটাগড় পুরসভায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে অন্তত ১২৫ জনকে চাকরি দেওয়া হয়েছিল। সেই নিয়োগ দুর্নীতির তদন্তেই উঠে আসে কামারহাটির বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) নাম। এরপর তাঁর বাড়ি, অফিস-সহ একাধিক ঠিকানায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং পরে তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের পরবর্তী ধাপে তলব করা হয় তাঁর দুই ছেলে শুভরূপ ও স্বরূপ মিত্রকে। পাশাপাশি নোটিস পাঠানো হয় স্ত্রী অর্চনা মিত্রকেও।

ইডি সূত্রের খবর, নিয়োগের বিনিময়ে কোনও অবৈধ আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই মদন মিত্রের (Madan Mitra) পরিবারের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি-সহ একাধিক আর্থিক তথ্য চাওয়া হয়েছে। শুক্রবার ইডি দফতরে হাজিরা দেন অর্চনা মিত্র (Archana Mitra)। তদন্তকারীরা তাঁকে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আসতে বলেছিলেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, আগামী ২৯ জুলাই ফের ইডির তলবে হাজিরা দেওয়ার কথা রয়েছে মদন মিত্রের। তাঁর আগে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে তদন্তে নতুন তথ্য মিলতে পারে বলেই মনে করছে তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন