33 C
Kolkata
Monday, September 14, 2026
spot_img

শুধু অযোধ্যা না, এবার বঙ্গেও রাম মন্দির! বদলের বাংলায় কোথায় হচ্ছে এই চমক?

দুর্গাপুর: রাম মন্দির (Ram Mandir Pandal) দর্শনে আর যেতে হবে না অযোধ্যা! এবার দেবীপক্ষে নিজের শহরেই সেই স্বাদ পাবেন দুর্গাপুরবাসী! প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় অন্যতম আকর্ষণীয় থিম হল অযোধ্যার রাম মন্দির। এবার বদলের বাংলায় সেই স্বাদ পেতে চলেছে দুর্গাপুর।

জানা গিয়েছে, দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠে এবার অযোধ্যার ঐতিহাসিক রাম মন্দিরের আদলে তৈরি হচ্ছে বিশাল থিম মণ্ডপ (Ram Mandir Pandal)। দুর্গাপুজোর আগেই ধীরে ধীরে রূপ নিতে শুরু করেছে এই অভিনব মণ্ডপ। দক্ষ শিল্পীদের হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হচ্ছে মন্দিরের আদলে কাঠামো।

এবারের পুজোর মূল আকর্ষণই হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের স্থাপত্যশৈলী। বিশালাকার মণ্ডপের পাশাপাশি থাকছে সূক্ষ্ম কারুকাজ এবং নজরকাড়া আলোকসজ্জা। সন্ধ্যা নামলেই আলোয় ঝলমল করে উঠবে গোটা পুজো প্রাঙ্গণ। মণ্ডপের (Ram Mandir Pandal) বিভিন্ন অংশে থাকছে একাধিক চমক, এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা।

প্রায় ১ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই মণ্ডপ। ইতিমধ্যেই পুজো প্রাঙ্গণে পৌঁছে গিয়েছে প্রতীকী রাম, সীতা ও হনুমানের মূর্তি। সঙ্গে থাকছে হাতির প্রতিকৃতিও। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজিয়ে তোলা হবে প্রতিটি মূর্তি। ফলে মণ্ডপে ঢুকলেই দর্শনার্থীদের সামনে ফুটে উঠবে অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে এক অন্যরকম আবহ।

‘ইচ্ছে পূরণ’-এর উদ্যোগে টানা চার বছর ধরে এই দুর্গাপুজোর আয়োজন হচ্ছে। প্রতি বছরই নতুন ভাবনা ও অভিনব থিমের মাধ্যমে দর্শনার্থীদের চমক দেওয়ার চেষ্টা থাকে উদ্যোক্তাদের। তবে এবারের আয়োজন যে আরও বড় মাপের, তা প্রস্তুতির শুরুতেই স্পষ্ট।

মণ্ডপ নির্মাণ থেকে আলোকসজ্জা, প্রতিটি ক্ষেত্রেই থাকছে বিশেষ পরিকল্পনা। উদ্যোক্তা পারিজাত গঙ্গোপাধ্যায়ের দাবি, এবারের দুর্গাপুজো গোটা রাজ্যের মধ্যে অন্য মাত্রা পাবে। ক্ষুদিরাম মাঠের এই পুজো দর্শনার্থীদের মন কাড়বে বলেও আশাবাদী উদ্যোক্তারা।

এখন অপেক্ষা, নির্মাণকাজ শেষ হলে দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠে অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir Pandal) আদল কতটা জীবন্ত হয়ে ওঠে, তা দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন