Aaj India Desk, নদিয়া : চাল, কয়লা, গম চুরির পর এবার ত্রাণের শাড়ি ও ট্রিপল চুরির (Relief Scam) অভিযোগ উঠলো তৃনমূল নেতার উপর। এর আগেই চুরির বদনামে জর্জরিত ছিল তৃনমূল কংগ্রেস। একাধিক জায়গায় তৃনমূল দেখলেই ‘চোর চোর’ স্লোগানও উঠছে। সেই ধারা অব্যাহত রেখে আবার চুরির অভিযোগেই পুলিশের জালে ফেঁসে গেলেন নদিয়ার নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা। ঘটনাকে কেন্দ্র করে নবদ্বীপে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
কী কী উদ্ধার হয়েছে?
রাত আনুমানিক ১০ টা নাগাদ বিমানকৃষ্ণ সাহার বাড়ির পাশের বড়ালঘাট স্পোর্টিং ক্লাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল ত্রিপল, কম্বল এবং তন্তুজের নানান ধরনের শাড়ি। এলাকাবাসীর অভিযোগ, সাধারণ মানুষের মধ্যে বিতরণ করার পরিবর্তে এই সামগ্রী দীর্ঘদিন ধরে ক্লাবঘরে মজুত করে রাখা হয়েছিল। বিভিন্ন বয়সের মহিলাদের জন্য নির্ধারিত বহু শাড়িও উদ্ধার হয়েছে। (Relief Scam)
অভিযানের পর আটক চেয়ারম্যান
ত্রাণ সামগ্রী উদ্ধারের পরই পুলিশ শনিবার ভোররাত ৩ টে নাগাদ বিমানকৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য নবদ্বীপ থানায় নিয়ে যায়। পরে তাঁকে আটক করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, উদ্ধার হওয়া সামগ্রীর উৎস কী এবং সেগুলি সরকারি বরাদ্দের আওতায় ছিল কি না। পাশাপাশি ত্রাণ বণ্টন সংক্রান্ত নথিপত্রও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। (Relief Scam)
চেয়ারম্যানকে থানায় নিয়ে যাওয়ার সময় এলাকায় উত্তেজনা তৈরি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এলাকার বিক্ষুব্ধ মানুষ তাঁর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।
ঘটনার পর বিজেপি নেতারা দুর্নীতির অভিযোগে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। স্থানীয় স্তরে বিক্ষোভও দেখানো হয়েছে। অন্যদিকে, এই ঘটনার বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে এখনও বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, ঘটনাটি দলের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে।


