Aaj India Desk, নয়া দিল্লি: যন্তর মন্তরে টানা ১৮ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন লাদাখের সমাজকর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলেও তিনি অনশন ভাঙতে অস্বীকার করেছেন। তাঁর এই অদম্য সাহসের সাথী হয়ে এবার ১৬ জুলাই এক দিনের গণ-অনশন কর্মসূচির ঘোষণা করলো ককরোচ জনতা পার্টি(CJP)। দেশের সকল ছাত্রছাত্রীদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। ১৫ জুলাই পর্যন্ত সেই অনশন ১৮ দিনে পৌঁছেছে। চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী, তাঁর ওজন প্রায় ৮ থেকে ৮.৯ কেজি কমেছে। রক্তে শর্করার মাত্রা কমে এসেছে, রক্তচাপও নেমেছে। পাশাপাশি মাংসপেশির ক্ষয়, মাথা ঘোরা এবং তীব্র দুর্বলতার মতো উপসর্গ দেখা দিয়েছে। তবে সব উদ্বেগের মধ্যেও অনশন ভাঙতে রাজি নন ওয়াংচুক। তাঁর বক্তব্য, “বাইরে থেকে দুর্বল হলেও কিন্তু মনের ভিতরে আমি শক্তিশালী। আমাকে অনশন ভাঙতে বলবেন না, সরকারকে বলুন আলোচনায় বসতে।”
সরকারের তরফে কোনও ঘোষণা না করা হলেও সোনমের (Sonam Wangchuk) জেদের সামনে মাথা নোয়ালেন অভিজিৎ দীপকে। তিনি জানিয়েছেন, ১৬ জুলাই সোনম ওয়াংচুকের সমর্থনে এক দিনের গণ-অনশন পালন করা হবে। এর আগে সিজেপি দলের অন্যান্য নেতা ও স্বেচ্ছাসেবীরা আন্দোলনের পাশে থাকলেও তাঁরা কেউ অনশনে অংশ নেননি। সোনম একাই টানা ১৮ দিন অনশন করেছেন। তবে সরকারের নীরবতা ভাঙতে এবার বাধ্য হয়ে গণ-অনশনের সিদ্ধান্ত নিয়েছেন অভিজিৎ দীপকে। সাথে আন্দোলনকারীরা জানিয়েছেন, আগামী ২০ জুলাই সংসদ অভিমুখে পদযাত্রার পরিকল্পনাও রয়েছে। তার আগে ১৬ জুলাইয়ের গণ-অনশন কর্মসূচির মাধ্যমে ছাত্র ও সাধারণ মানুষের সমর্থন আরও বিস্তৃত করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের ক্রমশ অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন বিরোধী রাজনৈতিক নেতা। তাঁকে সমর্থন জানিয়ে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল নিজেও ১৬ জুলাই যন্তরমন্তরে যাওয়ার কথা জানিয়েছেন। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব-সহ আরও কয়েকজন বিরোধী নেতাও সমর্থন জানিয়েছেন। এদিকে, দিল্লি হাইকোর্টে তাঁর ক্ষেত্রে ফোর্স-ফিডিংয়ের আবেদনও জমা পড়েছে। তবে সোনমের দৃঢ় প্রত্যয়ের সামনে হার মেনেছেন সবাই। এবার আগামীকালের গণ অনশনের পরিকল্পনা কতটা সফল হয় এবং সরকার আদৌ আলোচনা করতে রাজি হয় কিনা সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


