Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা : বারুইপুরে গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর ঘটনায় রবিবার সকালে আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করলো বারুইপুর পুলিশ। এর ফলে এই হত্যা মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। অন্যদিকে, পুলিশ ও সরকারি সম্পত্তিতে হামলা-ভাঙচুরের মামলায় আরও ৩৩ জন গ্রেপ্তার হয়েছেন। সব মিলিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। (Baruipur Lynching)
ভিডিও ফুটেজে মিলল গুরুত্বপূর্ণ সূত্র
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার একাধিক ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়। তদন্তকারীরা ফুটেজে দেখেন, কারা আহত ইন্দ্রজিৎ মণ্ডলকে টেনে বাইরে নিয়ে আসেন এবং গণপিটুনিতে সক্রিয়ভাবে অংশ নেন। সেই সূত্র ধরেই একে একে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে।(Baruipur Lynching)
আরও দুই অভিযুক্ত পুলিশের জালে
আগেই পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর ১১ জুলাই বিকেলে একজন এবং রাতে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন বারুইপুরের বাসিন্দা শামিম আলি খান। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। (Baruipur Lynching)
শরিফুল মল্লিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
পুলিশের দাবি, আগে গ্রেপ্তার হওয়া শরিফুল মল্লিক এই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত। তদন্তে পাওয়া ভিডিওতে দেখা গিয়েছে, আহত অবস্থায় হাত বাঁধা ইন্দ্রজিৎ মণ্ডলকে টেনে নিয়ে যাচ্ছেন তিনি। যে সব ব্যক্তিকে এমন সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গণপিটুনির ঘটনার পাশাপাশি পুলিশ ও সরকারি সম্পত্তিতে হামলা এবং ভাঙচুরের অভিযোগেও পৃথক মামলা দায়ের হয়েছে। ওই মামলায় এখনও পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে তদন্ত এগোচ্ছে। ঘটনায় জড়িত আরও অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।


