Aaj India Desk, মুর্শিদাবাদ : রাজ্য জুড়ে একের পর এক নানান দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে রাজনৈতিক নেতাদের। এবার সেই তালিকায় জুড়লো আরও চারজনের নাম। মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় তিনটি পৃথক মামলায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করল জেলা পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন দুই তৃণমূল নেতা। খুন, মাদক এবং চাকরি দুর্নীতি মামলায় এই গ্রেপ্তারি ঘিরে জেলাজুড়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে।
দুই পৃথক মামলায় ধৃত তৃনমূলের দুই নেতা
মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকল এলাকায় একটি পুরনো খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা রফিকুল ইসলামকে। তিনি এক পঞ্চায়েত প্রধানের স্বামী বলেও জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে মামলাটি তদন্তাধীন ছিল বলে পুলিশ সূত্রের দাবি। একই এলাকায় পৃথক একটি মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে ইনাইতুল্লা মণ্ডলকে। তিনি পঞ্চায়েত সমিতির এক সভাপতির স্বামী। তদন্তকারীদের দাবি, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চলছে।
চাকরি দুর্নীতি মামলায় ধৃত দুই
অন্যদিকে, চাকরি দুর্নীতি মামলায় কৌশিক ঘোষ ও মিহির চন্দ্র সাহাকে বীরভূম থেকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদের (Murshidabad) বুরওয়ান থানার পুলিশ। এর আগে একই মামলায় তাঁদের সিবিআই গ্রেপ্তার করেছিল। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের স্বার্থেই নতুন করে হেফাজতে নেওয়া হয়েছে দুই অভিযুক্তকে।
একদিনে একাধিক গ্রেফতারির ঘটনায় জেলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।


