Aaj India Desk, কলকাতা: নতুন সরকার গঠনের পর আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ (Leaps and Bounds Pvt. Ltd.)। রাজনৈতিক মহল থেকে শুরু করে আদালত পর্যন্ত, বিভিন্ন জায়গায় এই সংস্থাকে ঘিরে চর্চা চলছে। অনেকের মনেই প্রশ্ন উঠছে, আসলে কী কাজ করে এই কোম্পানি? কোথায় তাদের ব্যবসা বা কারখানা?
একটি সংবাদমাধ্যমকে দেওয়া পুরনো সাক্ষাৎকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ২০০৯ সালে তিনি ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ তৈরি করেন। প্রথমদিকে এটি পার্টনারশিপ সংস্থা হিসেবে শুরু হয়েছিল। পরে ২০১২ সালে সেটিকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে বদলে ফেলা হয়। সেই সময় সংস্থার অন্যতম ডিরেক্টর ছিলেন অভিষেক নিজেই।
অভিষেকের দাবি অনুযায়ী, শুরুতে এই সংস্থা কনসালটেন্সি সার্ভিস, শেয়ার ট্রেডিং এবং ব্র্যান্ডিংয়ের কাজ করত। পরে তারা মিনারেল ওয়াটার উৎপাদনের ব্যবসায় নামে। দক্ষিণ ২৪ পরগনার বাখরাহাট এলাকায় তাদের জল প্যাকেজিংয়ের একটি কারখানা রয়েছে। তিনি আরও জানিয়েছিলেন, ওই কারখানার জন্য জমি কেনা হয়েছিল ২০০১-২০০২ সালের মধ্যে।
সূত্রের খবর, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময়, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রার্থী হন, তখন তিনি ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ -এর ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়ান। এরপর সংস্থার ডিরেক্টর হিসেবে তাঁর বাবা, মা এবং স্ত্রীর নাম থাকে। যদিও সেই সময় তিনি সংস্থার সিইও পদে ছিলেন।
পরবর্তীতে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত চলাকালীন এই সংস্থার নাম সামনে আসে। তদন্ত করতে গিয়ে কেন্দ্রীয় সংস্থাগুলির নজরে পড়ে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’। একাধিকবার সংস্থার বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয় এবং বেশ কিছু নথি ও কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়। সেই সময় সংস্থার গুরুত্বপূর্ণ কর্মী হিসেবে নাম উঠে আসে সুজয়কৃষ্ণ ভদ্রের, যিনি ‘কালীঘাটের কাকু’ নামে পরিচিত। পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED) তাঁকে গ্রেফতার করে।


