Aaj India Desk, কলকাতা: ডিজে মামলা (Dj Case) র তদন্তে মঙ্গলবার সকালেই সিআইডি (CID) দফতরে হাজিরা দেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি যখন তদন্তকারীদের মুখোমুখি, ঠিক সেই সময় কলকাতা পুরনিগমের একটি দল পৌঁছে যায় কালীঘাটের ১২১ নম্বর বাড়িতে। পুরকর্মীরা বাড়ির বাইরের অংশের বিভিন্ন মাপজোক করেন। বাড়ির চারপাশে নিয়ম মেনে পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে কি না, ফুটপাতের কোনও অংশ দখল করা হয়েছে কি না, কিংবা রাস্তার জায়গা বেআইনিভাবে ব্যবহার করা হয়েছে কি না, সেই সব বিষয় খতিয়ে দেখা হয়।
পুরনিগমের এক আধিকারিক জানিয়েছেন, সমস্ত তথ্য সংগ্রহ করে একটি রিপোর্ট তৈরি করা হবে এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন ভবনেও একই ধরনের পরিমাপের কাজ করা হয়েছিল। এর পাশাপাশি পুর প্রশাসন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত কিছু নথিও চেয়েছে। বিশেষ করে বাড়ির ভিতরে সম্প্রতি কোনও নতুন নির্মাণ বা পরিবর্তন হয়ে থাকলে তার বিস্তারিত নকশা ও এলিভেশন কপি জমা দিতে বলা হয়েছে। বর্তমানে ভবনের কোন অংশে কী পরিবর্তন হয়েছে, তা স্পষ্টভাবে দেখিয়ে নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি কলকাতা পুরনিগমের পক্ষ থেকে ৪০১ ধারায় নোটিস পাঠানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর সংস্থার নামে থাকা কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের একাধিক সম্পত্তিতে। সূত্রের খবর, অভিষেকের আত্মীয়দের নামেও থাকা মোট ১৭টি সম্পত্তিতে এই নোটিস পৌঁছেছে। পুরনিগমের দাবি, অনুমোদিত নির্মাণ পরিকল্পনার বাইরে অতিরিক্ত কাজ করা হয়েছে কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে সেই বিষয়েই বিস্তারিত তদন্ত চলছে।


