কলকাতা: স্বামী দেবরাজের গ্রেফতারির পর শিরোনামে রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়িকা তথা কীর্তন গায়িকা অদিতি মুন্সি (Aditi Munsi)। যিনি কিনা ২০১৫ ‘সারেগামাপা’-এ বিশেষ নজর কেড়েছিলেন। এবার অদিতি মুন্সিকে নিয়ে চাঞ্চল্যকর দাবী করলেন ওই সিজনের চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন সৌম্য চক্রবর্তী (Soumya Chakraborty)। সাম্প্রতিক একাধিক সাক্ষাৎকারে অদিতির (Aditi Munsi) উত্থান, ব্যক্তিগত সম্পর্ক এবং পরবর্তী রাজনৈতিক জীবন নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। তাঁর এই দাবিকে ঘিরে ইতিমধ্যেই নতুন করে চর্চা শুরু হয়েছে।
‘সারেগামাপা ২০১৫’-তে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হন সৌম্য চক্রবর্তী (Soumya Chakraborty)। একই সিজনে কীর্তন গায়িকা হিসেবে নজর কেড়েছিলেন অদিতি মুন্সি (Aditi Munsi)। অতীতেও অদিতিকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন সৌম্য। এবার আরও বিস্ফোরক অভিযোগ এনে তিনি দাবি করেছেন, প্রতিযোগিতায় সুযোগ পাওয়ার জন্য অদিতি এক ব্যক্তিকে “ব্যবহার” করেছিলেন। সৌম্যর আরও দাবি, প্রতিযোগিতা চলাকালীন সুবিধা পাওয়ার উদ্দেশ্যে তিনি ‘সারেগামাপা’-র এক স্ক্রিপ্ট রাইটারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।
তাঁর অভিযোগ, প্রতিযোগিতা শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই অদিতি (Aditi Munsi) তৎকালীন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে বিয়ে করেন। সৌম্যর দাবি, একসময় অদিতির পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল। তাঁর কথায়, “যে খেতে পেত না, যার বাড়িতে চাল থাকত না, তার বাড়িতে ১০০ কোটি টাকার সম্পত্তি! সেই টাকা যদি সৎ উপায়ে অর্জন করা হয়ে থাকে, তাহলে আলাদা কথা। ওর নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া উচিত। অন্তত একজন তো শিল্পে ফিরে আসুক।”
শুধু আর্থিক বিষয়ই নয়, অদিতির গানের দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন সৌম্য (Soumya Chakraborty)। তাঁর অভিযোগ, কীর্তন গাওয়া এবং উচ্চারণ, দুই ক্ষেত্রেই অদিতি অন্য প্রতিযোগীদের থেকে পিছিয়ে ছিলেন। তিনি আরও দাবি করেন, ‘সারেগামাপা ২০১৫’-এর অন্যতম প্রতিযোগী দেবশ্রীকে প্রথম দিকেই বাদ দেওয়া হয়েছিল নানা বিতর্কের জেরে, অথচ তাঁর গানের মান অদিতির তুলনায় অনেক ভালো ছিল।
সৌম্যর অভিযোগ, প্রতিযোগিতায় নিজের ‘যোগাযোগ’ কাজে লাগিয়ে শেষ পর্যন্ত টিকে ছিলেন অদিতি (Aditi Munsi)। তাঁর দাবি, অনুষ্ঠান চলাকালীন বেশিরভাগ প্রোমোতেই অদিতিকে গুরুত্ব দেওয়া হত। এমনকি গ্র্যান্ড ফিনালের ক্ষেত্রেও পক্ষপাতিত্ব করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সৌম্যর কথায়, তাঁর পরিবার যেখানে মাত্র তিনটি প্রবেশপত্র পেয়েছিল, সেখানে প্রভাব খাটিয়ে অদিতি ২২টি পাস সংগ্রহ করেছিলেন।
এর আগেও সৌম্য দাবি করেছিলেন, প্রতিযোগিতায় সুযোগ পাওয়া থেকে শুরু করে পরবর্তী সময়ে ব্যক্তিগত সম্পর্ক এবং পরে তৎকালীন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ে, সবকিছু নিয়েই নানা প্রশ্ন রয়েছে। এবার সেই অভিযোগের তালিকায় যুক্ত হল প্রতিযোগিতায় পক্ষপাতিত্ব, প্রভাব খাটানো এবং শিল্পী হিসেবে অদিতির যোগ্যতা নিয়ে প্রশ্ন।
সৌম্যর (Soumya Chakraborty) এই মন্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কারণ, বর্তমানে দেবরাজ চক্রবর্তী একাধিক আর্থিক অনিয়ম ও দুর্নীতির মামলায় তদন্তের মুখে রয়েছেন। সেই আবহেই অদিতি ও দেবরাজকে ঘিরে সৌম্যর বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে।
তবে সৌম্য চক্রবর্তীর এই সমস্ত অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত অদিতি মুন্সি বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।


