Aaj India Desk, কলকাতা: সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta) ঘিরে আর্থিক দুর্নীতির তদন্তে এবার নতুন করে সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তদন্তকারীদের নজরে এসেছেন সব্যসাচী ঘনিষ্ঠ ১০ জনেরও বেশি ব্যবসায়ী। তাঁদের বাড়ি ও বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন ইডির আধিকারিকরা। তদন্তকারী সংস্থার সূত্রে খবর, এই ব্যবসায়ীদের মাধ্যমে একাধিকবার টাকার লেনদেন হয়েছে। এমনকী, কালো টাকা সাদা করার চেষ্টাও হয়েছিল বলে সন্দেহ করছেন তদন্তকারীরা।
ইডির নজরে থাকা ব্যবসায়ীদের তালিকায় রয়েছেন ভারত ধান্ধানিয়া, বিজয়া ধান্ধানিয়া, ভারত লাখোটিয়া, পবন কুমার ভুবানিয়া, আখতার হোসেন, কমল গান্ধী, বিকাশ গুপ্তা, জয় কিষান পোদ্দার, গৌরীশঙ্কর সারাফ এবং সিদ্ধার্থ বাঙ্কা। উদ্ধার হওয়া নথি ও সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখছেন আধিকারিকরা। আগামী দিনে এই ব্যবসায়ীদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও ইডি সূত্রে জানা যাচ্ছে। বিশেষ করে বিকাশ গুপ্তার ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গত শুক্রবার তাঁর অফিস ও বাড়িতে তল্লাশি চালায় ইডি। তদন্তকারীদের সন্দেহ, অর্থ লেনদেনের ক্ষেত্রে সব্যসাচীর ঘনিষ্ঠ বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে।
উল্লেখ্য, তোলাবাজি ও খুনের অভিযোগে গ্রেফতার হওয়া সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগও খতিয়ে দেখছে ইডি। এর আগে তাঁর ঘনিষ্ঠদের কাছ থেকে প্রায় সাড়ে চার কোটি টাকার সোনার গয়না উদ্ধার হয়েছিল বলে জানা গিয়েছিল। তদন্তকারীদের দাবি, ব্যবসায়ী ও প্রোমোটারদের মাধ্যমে বিভিন্ন জায়গায় দুর্নীতির টাকা বিনিয়োগ করা হয়ে থাকতে পারে।
রাজ্য পুলিশের দায়ের করা এফআইআরের ভিত্তিতেই ECIR নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে ইডি। তবে বর্তমানে কলকাতা হাইকোর্টের শর্তসাপেক্ষ জামিনে রয়েছেন সব্যসাচী দত্ত। এই মামলায় ব্যবসায়ীদের সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের যোগসূত্র কতটা, এখন সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


