Aaj India Desk, কলকাতা: প্রথম দফার ভোটের আগে সময় খুবই সীমিত। এই পরিস্থিতিতে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন-ভোটে ভালো ফল করতে পারলেই ভবিষ্যতে পুরসভা নির্বাচনে টিকিট মিলবে, নইলে নয়। কারও যদি ধারণা থাকে যে কলকাতার প্রভাবশালী নেতাদের মাধ্যমে টিকিট পাওয়া যাবে, সেই ভরসা ভুল-এ কথাও স্পষ্ট করে দেন তিনি। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।
২০২৬-কে সামনে রেখে শেষ মুহূর্তের কৌশল ঠিক করতে মঙ্গলবারই বৈঠক করেন অভিষেক। এই বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ, প্রার্থী, ভোট পরিচালনার দায়িত্বে থাকা কমিটির সদস্য, বিএলএ(১), পুরপ্রতিনিধি এবং বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব। বৈঠকে অভিষেকের বার্তা ছিল একটাই-ঐক্য বজায় রাখতে হবে। তিনি বলেন, প্রথম দফায় ভোট থাকা বহু জায়গায় ব্যক্তিগত অহং, মতবিরোধ ও মনোমালিন্য কাজ করছে। কিন্তু এই নির্বাচন বন্দোপাধ্যায় (Mamata Banerjee)-কে মুখ্যমন্ত্রী রাখার লড়াই। এখানে যদি ঢিলেঢালা মনোভাব দেখা যায়, পরে আফসোস করার সুযোগ থাকবে না। তাই গোষ্ঠীদ্বন্দ্ব বা মতভেদ থাকলে তা মিটিয়ে একসঙ্গে কাজ করার ওপর জোর দেন তিনি। তাঁর মতে, সবাই একজোট থাকলে তৃণমূল কংগ্রেস (TMC)-কে হারানো সম্ভব নয়।
অন্যদিকে, বাংলার ময়দানে জোরকদমে প্রচার চালাচ্ছে বিজেপি (BJP)। নিয়মিত রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং অমিত শাহ (Amit Shah)। এই প্রসঙ্গে অভিষেক বলেন, বিজেপি (BJP)জানে তারা বাংলায় জিততে পারবে না, তাই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাঁর দাবি, ২০২১ সালের তুলনায় এবার ভোটের শতাংশ এবং আসন-দুটোই বাড়বে তৃণমূলের। তিনি নেতা-কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন এবং বলেন, কোনও প্ররোচনায় পা দেওয়া যাবে না। অমিত শাহের মন্তব্যের জবাবে তিনি বলেন, “গুজরাতের দাদাগিরির কাছে মাথা নত করা যাবে না, বাংলার শক্তি দেখাতে হবে।”
এছাড়াও তিনি আত্মতুষ্টির বিরুদ্ধে সতর্ক করেন। বলেন, ছোট ছোট প্রচেষ্টাই বড় সাফল্য গড়ে তোলে। তাই এখনও সময় আছে, সবাইকে নিয়ে এগোতে হবে। কেউ যেন নিষ্ক্রিয় হয়ে না বসে থাকে, সেদিকেও নজর দিতে বলেন। পাশাপাশি অভিজ্ঞ ও পুরনো কর্মীদের যথাযথ সম্মান দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। সংগঠনের দায়িত্বে থাকা ব্যক্তিদের মধ্যে যেন কোনও মতবিরোধ না থাকে, সেই বার্তাও দেন।
এরই মধ্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরার গাড়ি তল্লাশি নিয়ে। অভিযোগ উঠেছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করে বিস্ফোরক দাবি করেছে তৃণমূল। অভিষেক এই পদক্ষেপকে বেআইনি এবং নিয়মবহির্ভূত বলে আখ্যা দিয়েছেন।


