নয়াদিল্লি: ২০ জুলাই ককরোচ জনতা পার্টির ‘সংসদ চলো’ অভিযানে ছাত্রছাত্রীদের উপর পুলিশের নির্বিচারে লাঠিচার্জের ঘটনায় গর্জে উঠেছেন দেশের সব স্তরের, সব পেশার চেতনাশীল মানুষজন। বাদ যাননি অরিজিৎ সিং (Arijit Singh)-ও। যিনি কোনোকিছুর ভয় না পেয়ে অন্যায়-অবিচারের বিরুদ্ধে বরাবর সরব হয়েছেন। দিল্লির ঘটনার পরও নিজের এক্স হ্যান্ডেলে একাধিক পোস্ট করেছেন দেশের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী। আর তাতেই তাঁকে নিয়ে শুরু হয় ব্যাপক ট্রোলিং।
ছাত্রদের ন্যায্য দাবির সমর্থনে যেখানে দেশের সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষ গর্জে উঠেছেন, সেখানে অরিজিৎ সিং (Arijit Singh)-এর সমাজমাধ্যমের পোস্টের তলায় কমেন্ট আসে “আপনাকে ঘেন্না করি”-র মত একাধিক কমেন্ট। বুধবার সকাল সাড়ে ১১ টা নাগাদ শেষ পোস্ট করেন অরিজিৎ। তারপর আচমকাই তাঁর অ্যাকাউন্ট থেকে সব পোস্ট উধাও! নিজের এক্স অ্যাকাউন্টটিকে ‘প্রোটেক্টেড’ মোড করে দেন অরিজিৎ সিং। ফলে পোস্টগুলি কেবল অনুমোদিত অনুসরণকারীরাই দেখতে পাচ্ছেন।
কি পোস্ট করেছিলেন অরিজিৎ?
এক্সে ছাত্রদের উপর বলপ্রয়োগের তীব্র সমালোচনা করে অরিজিৎ (Arijit Singh) লেখেন, “এবার আপনারা ছাত্রছাত্রীদের মারধর করছেন! লজ্জা করে না আপনাদের!” অন্য একটি পোস্টে রাজনৈতিক নেতৃত্বকে উদ্দেশ্য করে তাঁর মন্তব্য, “হ্যালো নেতা, মন্ত্রী… কী হচ্ছে এসব? নিজেদের ঈশ্বর বলে মনে করছেন? মনে রাখবেন, সব কিছু মনে রাখা হবে।”
এরপর আরও একটি পোস্টে অরিজিৎ (Arijit Singh) দাবি করেন, কিছু ভিডিওতে মানুষের “গুণ্ডার মতো আচরণ” দেখা যাচ্ছে। এই মন্তব্যের জেরে একাংশের সমালোচনার মুখে পড়লেও নিজের অবস্থান থেকে সরে আসেননি তিনি। এক অনুরাগীর প্রতিক্রিয়ার জবাবে অরিজিৎ (Arijit Singh) লেখেন, কারও সমর্থন বা বিরোধিতা নিয়ে তিনি চিন্তিত নন। কেউ তাঁর বক্তব্যে আঘাত পেয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী, তবে তাঁর ক্ষোভের কারণ বদলায়নি। এমনকি তিনি বলেন, কেউ চাইলে তাঁর গান শোনা বন্ধ করতে পারেন, কিন্তু তাতে তাঁর মতামত বদলাবে না। এই পোস্টগুলিকে ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক এবং সমর্থন-সমালোচনার পাল্টাপাল্টি প্রতিক্রিয়া।


