26.7 C
Kolkata
Wednesday, July 22, 2026
spot_img

ব্যাট হাতে ঝড়, র‍্যাঙ্কিংয়েও ঝলক! প্রথম চারে গিল-রোহিত-বিরাট

Aaj lndia Desk, কলকাতা: আর মাত্র ১ পয়েন্ট! আইসিসি ওডিআই ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের সিংহাসন ছোঁয়ার একেবারে দোরগোড়ায় শুভমন গিল (Shubman Gill)। শুধু তাই নয়, প্রথম চারের মধ্যে রয়েছেন আরও দুই ভারতীয় তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা।

ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ওডিআই সিরিজ খেলার পুরস্কার পেলেন ভারতের অধিনায়ক শুভমন গিল। সদ্য প্রকাশিত আইসিসি পুরুষদের ওডিআই ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে তিনি ৮০১ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন দুই নম্বরে। শীর্ষে থাকা নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের (৮০২) থেকে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে রয়েছেন গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে তিনি মোট ১৮৮ রান করেন, যার প্রভাব পড়েছে সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে।

ভারতের জন্য আরও সুখবর, প্রথম চার ব্যাটারের তালিকায় জায়গা ধরে রেখেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ৭৬৭ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছেন বিরাট, আর ৭৫৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে রোহিত। একই সঙ্গে প্রথম চারে তিন ভারতীয় ব্যাটারের উপস্থিতি বিশ্ব ক্রিকেটে ভারতের ব্যাটিং শক্তিরই প্রমাণ।

অন্যদিকে দলগত লড়াইয়ে অবশ্য শেষ হাসি হেসেছে ইংল্যান্ড। ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়েও লাভ হয়েছে একাধিক ক্রিকেটারের। জো রুট পুরো সিরিজে অপরাজিত থেকে ২৪৯ রান করে চার ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছেন। বেন ডাকেট ১১ ধাপ লাফিয়ে যৌথভাবে ১৯তম এবং জ্যাকব বেথেল পাঁচ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে পৌঁছেছেন।

বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান। ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে ইংল্যান্ডের জোফ্রা আর্চার উঠে এসেছেন তিন নম্বরে। দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের আবরার আহমেদ। ভারতের অক্ষর প্যাটেল ১০ ধাপ এগিয়ে যৌথভাবে ৩২তম স্থানে উঠে এসেছেন।

ওডিআই অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল কেরিয়ারের সেরা তিন নম্বরে উঠেছেন। শীর্ষে আছেন আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই, দ্বিতীয় স্থানে বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ। অন্যদিকে, জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের একাধিক ক্রিকেটারের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন