নয়াদিল্লি: নৌকায় হাসিমুখে বসে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। পাশে স্কার্ফ ও সানগ্লাস পরা এক মহিলা, মাঝখানে এক কিশোর। সাধারণ একটি ছুটির মুহূর্তের ছবি বলেই মনে হতে পারে। কিন্তু ছবিটি যখন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন, তখনই শুরু হল রাজনৈতিক ‘গোয়েন্দাগিরি’!
ছবিটি পোস্ট করে গিরিরাজের সরাসরি প্রশ্ন, ছবিটি কোথায় তোলা? কবে তোলা? আর রাহুলের সঙ্গে থাকা ওই মহিলা ও কিশোরই বা কারা? মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ছবিটি। রাহুলের (Rahul Gandhi) বিদেশ সফর নিয়ে বিজেপির পুরনো প্রশ্নের সঙ্গেও নতুন করে জুড়ে যায় এই ছবি।
তবে রহস্য বেশিক্ষণ রহস্য থাকল না। কংগ্রেসের তরফে জানানো হয়, ছবিতে থাকা মহিলা ও কিশোর রাহুলের এক বন্ধুর স্ত্রী ও ছেলে। তাঁরা একসঙ্গে পারিবারিক ছুটি কাটাতে গিয়েছিলেন। রাহুলের (Rahul Gandhi) সেই বন্ধু অবশ্য ছবিতে ছিলেন না।
আর সেখানেই থামেনি রাজনৈতিক তরজা। গিরিরাজের প্রশ্নের পাল্টা তাঁর ‘মনোভাব’ নিয়েই প্রশ্ন তুলেছে কংগ্রেস। দলের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে গিরিরাজকে আক্রমণ করে বলেন, একজন মহিলা ও পুরুষকে একসঙ্গে দেখলেই ‘নোংরা চিন্তা’ করার মানসিকতা ঠিক নয়। ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত অভি দান্ডিয়াও ছবিটির জায়গা হিসেবে টেক্সাসের লেক রে রবার্টসের কথা জানিয়েছেন। অর্থাৎ, ছবির রহস্যের একটা ব্যাখ্যা মিললেও রাজনৈতিক কৌতূহল কিন্তু থামেনি।
কারণ রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিদেশ সফর নিয়ে বিজেপি আগেও প্রশ্ন তুলেছে। গত জুন-জুলাইয়ের তিন সপ্তাহের সফর নিয়ে বিজেপির তরফে জানতে চাওয়া হয়েছিল, তিনি কোথায় গিয়েছিলেন, কার সঙ্গে দেখা করেছিলেন এবং সফরের খরচ কে বহন করেছিলেন।
এবার সেই পুরনো প্রশ্নের আবহেই নৌকার ছবি যেন নতুন করে রাজনৈতিক ‘মশলা’ জুগিয়েছে। বিজেপির প্রশ্নের জবাবে কংগ্রেস বলছে, এ তো নিছক বন্ধুর পরিবারের সঙ্গে ছুটির ছবি। ফলে একটি নৌকা, তিন যাত্রী আর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট, এই তিনেই আপাতত জমে উঠেছে দিল্লির রাজনীতির জলযাত্রা।


