27.7 C
Kolkata
Thursday, July 9, 2026
spot_img

বঙ্গ রাজনীতিতে মেগা টুইস্ট—সুখেন্দু, সুস্মিতা, প্রকাশের বিজেপিতে নতুন ইনিংস

কলকাতা: রাজ্যসভা থেকে পদত্যাগের পর যে জল্পনা শুরু হয়েছিল, তাতে কার্যত সিলমোহর পড়ল। লক্ষ্মীবারে সল্টলেকে বিজেপির কার্যালয়ে পদ্ম-পতাকা হাতে নিলেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy), প্রকাশ চিক বরাইক (Prakash Chik Baraik) ও সুস্মিতা দেব (Susmita Dev)। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। তারপর সাংবাদিক বৈঠকে তিনজনের বিজেপিতে আনুষ্ঠানিক যোগদানের কথা ঘোষণা করেন তিনি।

উল্লেখ্য, এই যোগদান এমন এক সময় হল, যখন দোরগোড়ায় রাজ্যসভার উপনির্বাচন। আগামী ২৪ জুলাই রাজ্যসভার তিনটি শূন্য আসনে উপনির্বাচন। তৃণমূলের এই তিন সাংসদের পদত্যাগেই আসনগুলি খালি হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিধানসভার বর্তমান সংখ্যাতত্ত্ব এবং তৃণমূলের সাংগঠনিক পরিস্থিতির নিরিখে এই তিনটি আসনই বিজেপির ঝুলিতে যাওয়ার সম্ভাবনা প্রবল।

সূত্রের খবর, অন্তত সুখেন্দুশেখর রায়ের (Sukhendu Sekhar Roy) ক্ষেত্রে সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে সম্প্রতি কলকাতায় এসে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকের পর থেকেই সুখেন্দুশেখরের বিজেপিতে যোগদান এবং রাজ্যসভায় ফেরার জল্পনা আরও জোরালো হয়েছিল। পাশাপাশি বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুখেন্দুশেখরের (Sukhendu Sekhar Roy) প্রয়াত বাবা শিবেন্দুশেখর রায়ের অবদানের কথা উল্লেখ করেছিলেন।

অন্যদিকে, রাজ্যসভা থেকে পদত্যাগের পরই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে সুস্মিতা দেবের (Susmita Dev) সাক্ষাতে ধারণা করা হচ্ছিল, তিনি হয়ত অসমের রাজনীতিতে সক্রিয় হবেন। তবে বর্তমান পরিস্থিতি ভিন্ন দিকেই ইঙ্গিত করছে। রাজ্যসভা উপনির্বাচনে সুস্মিতা দেবও প্রার্থী হতে পারেন বলে বিজেপি সূত্রে খবর।

পাশাপাশি প্রকাশ চিক বরাইকের (Prakash Chik Baraik) ক্ষেত্রেও জল্পনা রয়েছে, যদিও তাঁকে প্রার্থী করা হবে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও ইঙ্গিত মেলেনি। বিজেপির অন্দরমহলের সূত্র বলছে, তাঁর নাম নিয়েও আলোচনা চলছে। প্রসঙ্গত, নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজ্যসভা উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। ২৪ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বিধানসভা ভবনে ভোটগ্রহণ হবে। বিকেল ৫টা থেকে গণনা শুরু হবে এবং ২৭ জুলাইয়ের মধ্যে গোটা নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আগামী কয়েক দিনের মধ্যেই বিজেপির তিন প্রার্থীর নাম ঘোষণা হতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন