Aaj India Desk, পূর্ব মেদিনীপুর: ভোটের প্রাক্কালে পূর্ব মেদিনীপুরের দক্ষিণ কাঁথি (Kanthi) বিধানসভা কেন্দ্রে ফের উত্তেজনা ছড়াল। অভিযোগ, গভীর রাতে বেতালিয়া বুথ সংলগ্ন এলাকায় ধারালো অস্ত্র নিয়ে ঢোকার চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতী। যদিও তৃণমূল কংগ্রেস (TMC)-এর দাবি, বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীরাই এলাকায় অশান্তি তৈরির উদ্দেশ্যে প্রবেশ করেছিল।
স্থানীয়দের তৎপরতায় এক অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করা হয়। তবে তার সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি অন্ধকারের সুযোগ নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। পরে উত্তেজিত এলাকাবাসী ধৃত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন।
ঘটনাস্থল থেকে দুটি মোটরবাইকও উদ্ধার করে পুলিশ। ভোটের মুখে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পলাতকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


