31 C
Kolkata
Friday, May 22, 2026
spot_img

পুরভোটের আগেই তৃনমূলে ধস! একসাথে দল ছাড়লেন ৩০ জন কাউন্সিলর!

Aaj India Desk, উত্তর ২৪ পরগনা : বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর থেকেই রাজ্যের বিভিন্ন পুরসভায় দলের অন্দরে বাড়ছে অস্বস্তি। এবার উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় একযোগে দল ছাড়লেন ৩০ জন তৃনমূল কাউন্সিলর। পাশাপাশি কলকাতা পুরসভার বরো ৯-এর চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। পুরভোটের আগেই ক্রমাগত দলত্যাগের ঘটনাগুলি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। (TMC Crisis)

ভাটপাড়ায় গণপদত্যাগ

শুক্রবার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-সহ ৩০ জন কাউন্সিলর একযোগে পদত্যাগ করেছেন। পুরসভার মোট ৩৫টি ওয়ার্ডের মধ্যে দুজন কাউন্সিলরের মৃত্যু হওয়ায় বর্তমানে ৩৩ জন কাউন্সিলর ছিলেন। তাঁদের মধ্যে প্রায় ৯০% ই আজ পদত্যাগপত্র জমা দিলেন।(TMC Crisis)

পদত্যাগের কারণ হিসেবে কাউন্সিলররা দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভের কথা জানিয়েছেন। চেয়ারম্যানের অনুপস্থিতি, অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, নাগরিক পরিষেবার বেহাল দশা, জল, রাস্তা, আলো, সাফাই ইত্যাদি নিয়ে নানান অভিযোগ তোলেন তাঁরা। এই গণইস্তফার ফলে পুরসভার কাজকর্ম পুরোপুরি অচল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে অর্জুন সিংয়ের ছেলে পবন সিং জয়ী হওয়ার পরই এই ঘটনা ঘটল। বিজেপি নেতাদের মতে, এটি তৃণমূলের শহুরে ভোটব্যাঙ্কে বড়সড় ধসের প্রমাণ। বারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে বলে জানান তাঁরা।

কলকাতা পুরসভায়ও ইস্তফা

কলকাতা পুরসভার বরো ৯-এর চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দেন তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। সোমবারেই তাঁর হাতে লেখা পদত্যাগপত্র প্রকাশ্যে আসে। চিঠিতে তিনি জানান, বরো চেয়ারপার্সনের পদ থেকে সরে দাঁড়ালেও ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবেই কাজ চালিয়ে যাবেন। তাঁর বক্তব্য, “এলাকার মানুষের জন্য কাজ চালিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত।”(TMC Crisis)

দেবলীনা বিশ্বাসের পদত্যাগের ঘটনাটি সামনে আসে কলকাতা পুরসভার তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত ১৭টি সম্পত্তিতে নোটিস পাঠানোর একদিন পরেই। ওই ১৭টি ঠিকানার মধ্যে ১৪টিই বরো ৯-এর আওতায় পড়ে বলে জানা গিয়েছে। বিজেপির অভিযোগ, ওই সম্পত্তিগুলির মধ্যে একাধিক বেআইনি নির্মাণ রয়েছে। দেবলীনা দাবি করেছেন, নোটিস পাঠানোর পর থেকেই তাঁর উপর দলীয় স্তরে চাপ তৈরি হয়। তাঁর কথায়, “আমাকে এমন কিছু করতে বলা হচ্ছিল যা আমার এক্তিয়ারের মধ্যে পড়ে না।”

উল্লেখ্য, এগুলি বিচ্ছিন্ন ঘটনা নয়। কাঁচরাপাড়া ও হালিশহর পুরসভাতেও সম্প্রতি বেশ কয়েকজন কাউন্সিলর পদত্যাগ করেছেন। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর দলের অন্দরে অস্থিরতা ক্রমশ বাড়ছে বলেই রাজনৈতিক মহলের অভিমত। আগামী দিনে এই ঘটনাগুলি তৃণমূলের সাংগঠনিক অবস্থায় কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন