Aaj India Desk, কলকাতা : প্রবাদেই আছে, মাছে ভাতে বাঙালি। এবার সেই প্রবাদকে সত্যি করে তুলে সমস্ত বাঙালিকে মাছে ভাতে (Food scheme) রাখার পরিকল্পনা করল পশ্চিমবঙ্গ সরকার। মাত্র ৫ টাকায় মাছ ভাত দিয়ে নতুন খাদ্য প্রকল্প চালু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কোথায় মিলবে এই পরিষেবা ?
প্রাথমিকভাবে কলকাতা ও জেলার গুরুত্বপূর্ণ বাজার, বাসস্ট্যান্ড, হাসপাতাল সংলগ্ন এলাকা এবং শ্রমিক অধ্যুষিত অঞ্চলে এই প্রকল্প চালুর ভাবনা রয়েছে। সরকারি সহায়তায় পরিচালিত ক্যান্টিন বা নির্দিষ্ট খাদ্যকেন্দ্রের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে।
কী থাকছে খাবারের তালিকায় ?
খাবারের প্যাকেটে থাকবে ভাত, মাছের ঝোল এবং প্রয়োজন অনুযায়ী সামান্য সবজি। খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি বজায় রাখার বিষয়েও নজর দেওয়া হবে বলে প্রশাসনের দাবি।
ক্রমবর্ধমান খাদ্যদ্রব্যের দামের মধ্যে কম খরচে পুষ্টিকর খাবার দেওয়ার এই উদ্যোগ সাধারণ মানুষের কাছে স্বস্তির খবর। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক, হকার ও নিম্ন আয়ের বহু মানুষ সরাসরি এর ফলে উপকৃত হতে পারেন। এছাড়া কর্মস্থলের কাছাকাছি কম টাকায় খাবার কেন্দ্র থাকলে বহু মানুষ দ্রুত ও স্বাস্থ্যসম্মত খাবার পাওয়ার সুযোগ পাবেন। বিশেষজ্ঞদের একাংশের মতে, যদি খাবারের মান ও নিয়মিত সরবরাহ বজায় রাখা যায় তবে এই ধরনের প্রকল্প রাজ্যের অপুষ্টির হার কমাতেও সাহায্য করতে পারে। এর আগে মা ক্যান্টিনের মাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই ধরনের প্রকল্প (Food scheme) চালু করে নিম্নবিত্ত মানুষের আহারের ব্যবস্থা করেছিলেন। এবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীও সেই একই পথে হাঁটছেন।
তবে সরকারিভাবে এই প্রকল্প (Food scheme) চালু হওয়ার নির্দিষ্ট দিন এখনও ঘোষণা করা হয়নি। তবে প্রশাসনিক স্তরে প্রস্তুতি দ্রুত এগোচ্ছে। খুব শীঘ্রই প্রকল্পের পূর্ণাঙ্গ রূপরেখা প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে প্রশাসন।


