Aaj India desk, কলকাতা: সরকার বদলানোর সাথে সাথে বদলেছে টলিউডের (Tollywood) নানা সমীকরণ। যে তারকারা মমতা ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন, রাতারাতি তারা রং বদল করে নিয়েছেন। তাদের সকলেই বিশ্বাস ভাইদের অত্যাচারে অতিষ্ঠ। টলিউডের (Tollywood) ব্যান সংস্কৃতি , তোলাবাজি নিয়ে অভিযোগ সকলেরই। নতুন সরকার গঠন হওয়ার পর এবার টলিউডের দিকে নজর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টলিউডের দায়িত্ব দেওয়া হলো টলিউডের এই প্রাক্তন তারকাদের।
কাদের দায়িত্ব দেওয়া হল?
আজ নবান্নতে একটি উচ্চপর্যায়ের রিভিউ মিটিং ডাকা হয়। সেই মিটিংয়ে যোগ দিয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী হিরণ চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল খাঁ এবং স্বপন দাশগুপ্তের মতো ব্যক্তিত্বরা। মূলত শিক্ষা, সংস্কৃতি এবং স্বাস্থ্য—এই তিনটি প্রধান দফতর নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সেখানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা দেন,” ভয়মুক্ত হয়ে কাজ করুন।” জানা গেছে টলিউডকে (Tollywood) ভয়মুক্ত করতে দায়িত্ব দেওয়া হচ্ছে রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী ও হিরণ চট্টোপাধ্যায়কে।
এবার কি টলিউডের শুদ্ধিকরণ হচ্ছে?
টলিউডে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের প্রভাব খাটিয়ে তাঁর ভাই স্বরূপ বিশ্বাস বহু দাদাগিরি চালিয়েছেন। অনির্বাণ ভট্টাচার্যের মতো অনেক শিল্পীকে ব্যান করেছেন। রাহুল অরুণোদয়ের মৃত্যুতে উঠে এসেছে শিল্পীদের নিরাপত্তার অভাবের বিষয়টা। শুধু তাই নয় গুটি কয়েক মানুষ পদ আঁকড়ে বসে টলিউডের কাজের পরিবেশকে নষ্ট করছেন, এমন অভিযোগও আছে। এই অবস্থায় বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন টলিউডকে (Tollywood) পুরোপুরি দুর্নীতিমুক্ত করতে হবে। যারা বছরের পর বছর পদ দখল করে বসে ও ইন্ডাস্ট্রির স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও মিলেছে। তার জন্যই দায়িত্ব দিয়েছেন রূপা হিরনদের। যদিও রুদ্রনীল এক সাক্ষাৎকারে বলেন যে ধর্ম ও দেশ বিরোধী কিছু তারা শিল্পের নামে প্রকাশ করতে দেবেন না। তাই টলিউডের এই শুদ্ধিকরণ আসলে শিল্প এবং টলিউডের জন্য কতটা ভালো হবে সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।


