Aaj India Desk, নয়া দিল্লি : গতকালই NEET-UG 2026 পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর এই সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভে সামিল হলেন ন্যাশনাল স্টুডেন্টস’ ইউনিয়ন অফ ইন্ডিয়ার (NSUI) কর্মীরা। প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শাস্ত্রী ভবনের সামনে অবস্থান-বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সারা দেশে।
কেনো বাতিল পরীক্ষা ?
পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর শেষ পর্যন্ত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় NTA। লোকসভায় বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী NEET-কে এক ধরনের নিলাম বলেন। তিনি অভিযোগ করেন, পরীক্ষার ৪২ ঘণ্টা আগে WhatsApp-এ প্রশ্ন বিক্রি করা হয়। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, গত ১০ বছরে অন্তত ৮৯টি প্রশ্নফাঁসের ঘটনা সামনে এসেছে এবং ৪৮টি পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে। তাঁর দাবি, এই ঘটনায় ২২ লক্ষের বেশি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ ও বিশ্বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটও NEET বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, প্রশ্নফাঁসের ঘটনায় বড়সড় অনিয়ম হয়েছিল এবং তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
হতাশ ছাত্রছাত্রী
উল্লেখ্য, চলতি বছরের NEET পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৩ মে। দেশে ৫৫১টি শহর এবং বিদেশের ১৪টি শহরে ৫,৪০০-র বেশি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় অংশ নেন প্রায় ২২.৭৯ লক্ষ পড়ুয়া। পরীক্ষা বাতিলের ফলে সেই লক্ষাধিক পরীক্ষার্থীর সামনে ফের প্রস্তুতির চাপ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া বহু পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে হতাশা।
গত এক দশকে ভারতে বারবার একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ২০১৫ সালে অল ইন্ডিয়া প্রি-মেডিক্যাল টেস্ট প্রশ্নফাঁসের ঘটনায় সুপ্রিম কোর্ট পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়। এরপর বিভিন্ন সময়ে SSC, UGC-NET, রেল নিয়োগ পরীক্ষা এবং মধ্যপ্রদেশের বহুল আলোচিত ভ্যাপাম কেলেঙ্কারির মতো ঘটনায় পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক বছরগুলিতে NEET-UG পরীক্ষাকেও ঘিরে এই ধরনের বিতর্ক তৈরি হয়েছে। শিক্ষা মহলের একাংশের মতে, বারবার এই ধরনের ঘটনা সামনে আসায় দেশের প্রতিযোগিতামূলক পরীক্ষাব্যবস্থার নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ বাড়ছে।


