30 C
Kolkata
Monday, May 11, 2026
spot_img

কালীঘাটে সরছে ক্ষমতার ছায়া ? অভিষেকের নিরাপত্তায় বদল ঘটালো সরকার!

Aaj India Desk, কলকাতা : নবান্নে দায়িত্ব নেওয়ার পর একাধিক প্রশাসনিক সংস্কারের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এবার রাজনৈতিক নেতাদের নিরাপত্তা ব্যবস্থায়ও বড় পরিবর্তনের পথে হাঁটলেন শুভেন্দু অধিকারী। সোমবার বিকেলে নির্দেশ জারি করে জানালেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banarjee) জন্য বরাদ্দ অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ও বিশেষ পাইলট কারের সুবিধা তুলে নেওয়া হবে। এখন থেকে একজন সাধারণ সাংসদ হিসাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইন অনুযায়ী যতটুকু নিরাপত্তা প্রাপ্য, সেটুকুই পাবেন তিনি।

মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই নির্দেশ

সোমবার বিকেলে জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দেন, রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে “অপ্রয়োজনীয় নিরাপত্তা” আর বহাল রাখা হবে না। কোনও নির্দিষ্ট ঝুঁকি না থাকলে অতিরিক্ত বাহিনী মোতায়েন বা বিশেষ সুবিধা দেওয়ার প্রয়োজন নেই বলেই বৈঠকে মত প্রকাশ করেন তিনি। এর পরই প্রশাসনিক স্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banarjee) নিরাপত্তা পর্যালোচনার সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে সূত্রের দাবি।

কী কী বদল হচ্ছে ?

গত এক দশকেরও বেশি সময় ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banarjee) ‘জেড প্লাস’ নিরাপত্তা পেয়ে আসছিলেন। তাঁর যাতায়াতের সময়ে রাস্তা নিয়ন্ত্রণ, পাইলট কার, অতিরিক্ত পুলিশ ও কমান্ডো মোতায়েনের মতো ব্যবস্থা থাকত। এবার সেই ব্যবস্থার বড় অংশই প্রত্যাহার করা হবে বলে জানা গিয়েছে। রাজ্য পুলিশের স্পেশাল সিকিউরিটি ইউনিট (SSU)-এর বহু সদস্যকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। পাশাপাশি, অতিরিক্ত পুলিশি নজরদারিও কমানো হবে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তা কমানোর প্রক্রিয়া গত কয়েক সপ্তাহ ধরেই শুরু হয়েছিল। সম্প্রতি তাঁর বাসভবন ও অফিসে থাকা কলকাতা পুলিশের স্ক্যানার সরিয়ে নেওয়া হয়। বাড়ির বাইরে থাকা পুলিশ পোস্টও তুলে দেওয়া হয়েছে। এবার নতুন নির্দেশের ফলে রাজ্য পুলিশের বিশেষ নিরাপত্তা কাঠামো থেকেও বড়সড় পরিবর্তন আসতে চলেছে।

এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। শাসকদলের একাংশের মধ্যেও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন অসন্তোষ ছিল বলে রাজনৈতিক মহলের দাবি। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি তৃনমূল কংগ্রেস নেতৃত্ব। রাজ্য সরকারের তরফেও এখনও বিস্তারিত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে প্রশাসনিক স্তরে নিরাপত্তা পুনর্বিন্যাসের কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন