Aaj lndia Desk, কলকাতা : ভরদুপুরেই কলকাতার লাইফলাইনে বড় ধাক্কা। আচমকা ঝড়-বৃষ্টির পরই ব্লু লাইনে মেট্রো বিভ্রাট। গাছ উপড়ে সরাসরি লাইনের উপর পড়ে যাওয়ায় থমকে যায় পরিষেবা। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। একের পর এক স্টেশনে জমতে শুরু করে ভিড়, দীর্ঘক্ষণ অপেক্ষায় ক্ষোভও বাড়ে যাত্রীদের মধ্যে। আপাতত গড়িয়া থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
কী ঘটেছে?
এক পশলা ঝড়-বৃষ্টিতেই কার্যত থমকে গেল ব্লু লাইনের একাংশ। বৃহস্পতিবার দুপুর প্রায় আড়াইটে নাগাদ মহানায়ক উত্তম কুমার এবং নেতাজি মেট্রো স্টেশনের মাঝামাঝি এলাকায় ভেঙে পড়ে গাছের একটি বড় ডাল। আর সেই ডাল সরাসরি ডাউন লাইনের উপর পড়তেই ব্যাহত হয় মেট্রো পরিষেবা। নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গেই ওই অংশে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।এখন আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকলেও, টালিগঞ্জমুখী ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে আচমকা এই বিভ্রাটে বিপাকে পড়েন মেট্রোয় থাকা বহু যাত্রী। মাঝপথেই থামিয়ে দেওয়া হয় একাধিক ট্রেন। ময়দান মেট্রো স্টেশনে যাত্রীদের নামিয়ে দেওয়ায় তৈরি হয় চরম বিশৃঙ্খলা ও ভিড়।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনের উপর পড়ে থাকা গাছ সরানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই ফের চালু করা হবে পরিষেবা। তবে ঠিক কত সময়ের মধ্যে মেট্রো চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি।


