29 C
Kolkata
Tuesday, April 28, 2026
spot_img

“হারবে বুঝতে পেরেই লাইন করতে লেগে গিয়েছে”- কাকে নিশানা অধীরের?

Aaj India Desk, মুর্শিদাবাদ: ভোটের ফল বেরোনোর আগেই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তাঁর দাবি, যাঁরা এই ভোটে হারবেন বলে বুঝতে পারছেন, তাঁরা এখন থেকেই গোপনে সমঝোতা শুরু করে দিয়েছেন। অধীরের কথায়, বহু তৃণমূল (TMC) নেতা বিজেপি (BJP)-র সঙ্গে যোগাযোগ রাখছেন, যাতে ভবিষ্যতে নিজেদের অবস্থান বাঁচিয়ে রাখা যায়। এমনকি বহরমপুরের কিছু তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন বলে দাবি করেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, “এখানে তৃণমূলের যাঁরা হারবে, তাঁরা এখন থেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ করছে। আগামী দিনে নিজেদের বাঁচাতে বিজেপির হাত ধরার চেষ্টা চলছে। বহরমপুরের তৃণমূল নেতাদের অনেকেই বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। পুরসভাতেও এসব নিয়ে আলোচনা হয়েছে। টাকা-পয়সা আর নিজের সুবিধা ধরে রাখতে তৃণমূল নেতারা বিজেপিতে যাওয়ার ছক কষছে।”

এদিকে অধীরের এই মন্তব্যের পাল্টা কড়া জবাব দিয়েছে তৃণমূল। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “হারবেন অধীর চৌধুরী নিজেই। বিজেপির হয়ে যারা কাজ করছে, তারাই হারবে। বহরমপুর লোকসভা আমরা জিতেছি, বিধানসভাও জিতব। কে কার সঙ্গে গোপনে সেটিং করছে, সেটা অধীরবাবুর কথাতেই পরিষ্কার। উনিই বুঝে গিয়েছেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ক্ষমতা কারও নেই, তাই এখন এসব বলছেন।”

উল্লেখ্য, গত লোকসভা ভোটে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে লড়েছিলেন। কিন্তু সেই নির্বাচনে তিনি হেরে যান। এরপর ২০২৬ সালের বিধানসভা ভোটে তিনি বিধায়ক হওয়ার লক্ষ্যে লড়াই করছেন। ভোট প্রচারের সময় একাধিকবার তৃণমূলের বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছিলেন অধীর। তখন থেকেই তিনি বলে আসছিলেন, তৃণমূল বুঝে গিয়েছে তারা হারবে, তাই তাঁর প্রচারে বাধা দেওয়া হচ্ছে।

অধীর আরও প্রশ্ন তোলেন, ২০২১ সালের ভোটে বহরমপুর বিধানসভা কেন্দ্র বিজেপি জিতেছিল। তাহলে বিজেপিকে বাদ দিয়ে শুধু তাঁর প্রচারেই কেন বাধা দেওয়া হচ্ছে? তবে কি তৃণমূল কংগ্রেসকেই সবচেয়ে বেশি ভয় পাচ্ছে ?এই সমস্ত বিতর্কের মধ্যেই ভোটের ফল ঘোষণার আগে আবারও এই ধরনের মন্তব্য করে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু করে দিলেন অধীর রঞ্জন চৌধুরী।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন