Aaj India Desk, পূর্ব মেদিনীপুর: ভোটের পরেও হলদিয়ায় অশান্তির পরিবেশ এখনও কাটেনি। ভোট (Vote)-এর দিন বিকেল থেকেই শহরের নানা প্রান্তে হামলার অভিযোগ সামনে আসে। শনিবার গভীর রাতেও হলদিয়া (Haldia) পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঝিকুরখালি এলাকায় বিজেপি (BJP) সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ পুরোপুরি নস্যাৎ করেছে তৃণমূল (TMC)। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এলাকাবাসীদের সূত্রে জানা যায়, শনিবার রাতে ঝিকুরখালি এলাকায় একটি পুজোয় অনুষ্ঠান চলছিল। সেখানে বিজেপি কর্মী কুণাল বলিদা সহ দলের আরও কয়েকজন উপস্থিত ছিলেন। অভিযোগ, অনুষ্ঠান চলার মাঝেই আচমকা ৩০ থেকে ৪০ জনের একটি দল লাঠি ও অন্যান্য অস্ত্র সস্ত্র নিয়ে সেখানে চড়াও হয়। কুণাল বলিদা সহ ৩ থেকে ৪ জনকে মারধর করা হয় বলে অভিযোগ।
ঘটনার পর স্থানীয় মানুষজন দ্রুত আহতদের উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন। রাতেই হাসপাতালে পৌঁছে আহতদের সঙ্গে দেখা করেন হলদিয়া বিধানসভার বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী। তিনি ঘটনার কড়া সমালোচনা করে বলেন, “ভোটের ফলাফল ঘোষণার আগেই বিজেপি কর্মীদের উপর এমন নৃশংস হামলা চালানো হচ্ছে। বিরোধীদের ভয় দেখাতেই এই পরিকল্পিত আক্রমণ করা হয়েছে।” তিনি আরও জানান, “এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।”
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের বক্তব্য, এই হামলার সঙ্গে তাদের কোনও যোগাযোগ নেই। বিজেপি ভোট-পরবর্তী সময়ে এলাকায় অশান্ত পরিবেশ তৈরি করতেই তাদের নামে ভিত্তিহীন অভিযোগ আনছে। তবে লাগাতার হিংসার ঘটনায় হলদিয়ার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।


