কলকাতা: প্রথম দফার ভোটে নওদায় ‘খেলা দেখিয়েছেন’ হুমায়ুন কবির (Humayun Kabir)। ভোটগ্রহণ পর্ব চলাকালীন বুথের বাইরে তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতি, গালিগালাজে জড়িয়ে পড়েন তৃণমূল-ত্যাগী হুমায়ুন ও তাঁর দলবল। কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে চেয়ার নিয়ে রাস্তায় বসে পড়েন তিনি। সমাজমাধ্যমে ভাইরাল সেইসব দৃশ্য। হুমায়ুন কবিরের বৃহস্পতিবারের কার্যকলাপ দেখে খোঁচা মেরেছে বিজেপি-তৃণমূল উভয়ই। এবার দ্বিতীয় দফার আগে এক বড়সড় ধাক্কা খেলেন আম জনতা উন্নয়ন পার্টির চিফ হুমায়ুন (Humayun Kabir)।
ভোটের ঠিক আগে তাঁর ‘ভাইরাল ভিডিও’ নিয়ে জোট ভেঙ্গেছিল মিম। এবার ভোটের দ্বিতীয় দফার ভোটগ্রহণের মুখে তাঁর বাঁশি শিবির ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী শেখ হাবিব। শনিবার সকালে উলুবেড়িয়ায় তৃণমূলের দলীয় কার্যালয়ে মন্ত্রী পুলক রায়ের কাছ থেকে জোড়াফুলের পতাকা হাতে তুলে নেন তিনি।
তাঁর বক্তব্য, বিজেপির সঙ্গে আঁতাত করে মানুষকে ঠকাচ্ছেন হুমায়ুন কবির (Humayun Kabir)। তিনি বলেন, “মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই হুমায়ুন কবীরের কার্যকলাপ দেখে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। পরিবার থেকেও আমাকে নির্বাচনী ময়দান থেকে সরে আসার পরামর্শ দেওয়া হচ্ছিল। এই সব কারণেই আমি দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
এখনও অবধি কাকে কাকে হারালেন হুমায়ুন?
হুমায়ুন কবীরের সঙ্গে বিজেপির আঁতাঁতের অভিযোগ তুলে তৃণমূলের প্রকাশ করা ভিডিওকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। সাথে সাথেই হুমায়ুন কবিরের সঙ্গে জোট ভঙ্গ করে আসাদউদ্দিন ওয়েইসির মিম। শুধু তাই নয়, একে একে প্রার্থীরাও হুমায়ুনকে (Humayun Kabir) ছেড়ে চলে যেতে শুরু করেন। প্রথম দফার দিনকয়েক আগেই দল ছাড়েন মানিকচক কেন্দ্রের প্রার্থী মহম্মদ তোহিদুর রহমান। এরপর রানিগঞ্জের রাহুল ঘোষ, দুর্গাপুর পূর্বের রুবিয়া বেগম, বারাবনির অদৈত্য দাস ও পাণ্ডবেশ্বরের জুভেদ শেখ দলত্যাগ করেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন শেখ হাবিবও। হুমায়ুন কবিরের চাপ যে উত্তরোত্তর বাড়ছে, তা বলাই বাহুল্য।


