Aaj India Desk, কলকাতা: প্রথম দফার ভোট (Vote) শেষ। এবার ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে কলকাতাসহ ১৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। তার আগে অনেক ভোটারের মনেই প্রশ্ন- ভোটার স্লিপ কি বাধ্যতামূলক? স্লিপ না থাকলে কি ভোট দেওয়া যাবে না? উত্তর হল, ভোটার স্লিপ সুবিধাজনক হলেও বাধ্যতামূলক নয়।
ভোটার স্লিপ কেন গুরুত্বপূর্ণ?
ভোটার স্লিপ কোনও পরিচয়পত্র নয়। তবে ভোটের দিনে এটি আপনার সবচেয়ে বড় সহায়ক হিসেবে কাজ করবে। এই স্লিপে সাধারণত থাকে-
- ভোটারের নাম,
- সিরিয়াল নম্বর
- বুথ নম্বর
- ভোটকেন্দ্রের ঠিকানা
- ভোটের সময়সূচি
এইসমস্ত তথ্য আগে থেকে জানা থাকলে ভোটের দিন ভুল বুথে যাওয়ার ঝামেলা কমে যায়। লাইনে দাঁড়িয়ে সময়ও কম লাগে।
স্লিপ না থাকলেও কি ভোট দেওয়া যাবে?
অবশ্যই যাবে। নির্বাচন কমিশন (ECI) জানিয়েছে, ভোটার স্লিপ বাধ্যতামূলক নয়। যদি ভোটার তালিকায় আপনার নাম থাকে এবং সঙ্গে বৈধ পরিচয়পত্র থাকে, তাহলেই ভোট দিতে পারবেন। যে যে পরিচয়পত্রগুলি দেখানো যায়-
- EPIC বা ভোটার আইডি কার্ড
- আধার কার্ড
- পাসপোর্ট
- ড্রাইভিং লাইসেন্স
- কমিশন অনুমোদিত অন্য বৈধ পরিচয়পত্র
বাড়িতে বসেই কীভাবে ভোটার স্লিপ দেখবেন?অনলাইনে খুব সহজেই নিজের তথ্য দেখে নেওয়া যায়।
পদ্ধতি: National Voters Service Portal-এ যান (https://www.eci.gov.in/voters-services-portal), Search in Electoral Roll অপশনে ক্লিক করুন, তারপর নাম বা EPIC নম্বর দিন এবং নিজের বুথ, সিরিয়াল নম্বরসহ তথ্য দেখে নিন। প্রয়োজন হলে প্রিন্টও করতে পারেন
এছাড়া মোবাইল অ্যাপ থেকেও পাওয়া যাবে-
পদ্ধতি: Voter Helpline App ডাউনলোড করে ‘Search Your Name’ অপশনে গিয়ে নিজের তথ্য খুঁজে দেখা যাবে। সেখান থেকেই স্লিপ দেখা বা ডাউনলোড করা সম্ভব।
আগে থেকে দেখে রাখা কেন জরুরি?
দ্বিতীয় দফার ভোটে বিপুল ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগে থেকেই বুথ নম্বর ও সিরিয়াল নম্বর জেনে রাখলে-ভোট দিতে সময় কম লাগবে,ভুল কেন্দ্রে গিয়ে ঘুরতে হবে না, ভিড় এড়িয়ে সহজে ভোট দেওয়া যাবে।
সবশেষে মনে রাখবেন, ভোটার স্লিপ আইডি প্রুফ নয়। শুধু স্লিপ দেখিয়ে ভোট দেওয়া যাবে না। ভোটার তালিকায় নাম থাকা এবং বৈধ পরিচয়পত্র থাকা জরুরি। কিন্তু ভোটার স্লিপ থাকলে সুবিধা হয়, না থাকলেও সমস্যা নেই। তবে আগে থেকেই নিজের নাম, বুথ নম্বর ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখলে ভোটের দিন ঝামেলা ছাড়াই ভোট দিতে পারবেন।


